রাজনীতিতে না গিয়েও দেশসেবা হয়, উপলব্ধি হাসেমের
এক-এগারোর পর বিএনপি ছাড়া ব্যবসায়ী এম এ হাসেম আবারও পদত্যাগের কথা জানিয়ে দলের মহাসচিবকে পত্র দিয়েছেন।
পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এই সাবেক সাংসদ তার চিঠিতে লিখেছেন, “আমি অনুধাবন করেছি, দেশের ও দেশের জনগণের সেবা করতে গিয়ে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে করতে হবে, তা সঠিক নহে। রাজনীতিতে না জড়িয়েও জনগণের এবং দেশের সেবা করা যায়।”
তামাক দিয়ে ব্যবসা শুরু করা হাসেম গত পাঁচ দশকে তার বাণিজ্যের বিস্তার ঘটিয়েছেন আবাসন, আমদানি-রপ্তানি, পার্টিকেল বোর্ড, ইস্পাত, প্লাস্টিক, ভোগ্যপণ্য, ব্যাংক-বীমাসহ বিভিন্ন খাতে। বিএনপির সঙ্গে তার ঘনিষ্ঠতা শুরু হয় নব্বইয়ের দশকের শুরুতে।
২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি বিএনপিতে যোগ দেন এবং নোয়াখালী-২ (বেগমগঞ্জ-সোনাইমুড়ী) আসনের সাংসদ নির্বাচিত হন। ওই সরকারের মেয়াদ শেষে রাজনৈতিক পালাবদলের মধ্যে রাষ্ট্রক্ষমতা চলে যায় সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের হাতে। আরও অনেক ব্যবসায়ী, রাজনীতিবিদের মত গ্রেপ্তার হন হাসেম।
পরের বছর জামিনে মুক্তির পর বিএনপি থেকে পদত্যাগের ঘোষণা দেন এই ব্যবসায়ী। সে সময় তিনি বলেছিলেন, তিনি রাজনীতি করতে না চাইলেও খালেদা জিয়া তাকে ‘জোর করে’ বিএনপির মনোনয়ন দিয়েছিলেন।
এরপর গত প্রায় আট বছর ধরে রাজনীতিতে নিষ্ক্রিয় হাসেম গত রোববার বিএনপি মহাসচিবকে চিঠি দিয়ে আবারও পদত্যাগের কথা জানান বলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে জানানো হয়।
ওই চিঠিতে হাসেম লিখেছেন, “রাজনৈতিক কর্মকাণ্ড আমার সারা জীবনের সামাজিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত করছে। তাই এখন থেকে সিদ্ধান্ত নিয়েছি আমি কোনো রাজনীতি করব না, কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রাখব না।
“এমতাবস্থায় আমি বিএনপির প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগ করলাম।”
সিটি ব্যাংক লিমিটেড, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ছাড়াও জনতা ইন্স্যুরেন্সের মালিকানার অংশ রয়েছে পারটেক্সের হাসেমের হাতে। জরুরি অবস্থার সময় এবং পরে তার বিরুদ্ধে কর ফাঁকিসহ বিভিন্ন অভিযোগে বেশ কয়েকটি মামলা হয়েছিল, যার অনেকগুলোর নিষ্পত্তি হয়নি এখনও।
