২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জকে প্রমাণ হিসেবে নিন, বিএনপিকে তোফায়েল

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে আগামী জাতীয় নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে বলে বিএনপিকে আশ্বস্ত করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনকে প্রমাণ হিসেবে নিতে বলেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2016, 08:25 PM

Updated : 12 Apr 2022, 03:34 AM

শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টাস ইউনিটি মিলনায়তনে এক মিট দ্য প্রেস অনুষ্ঠানে একথা বলেন আওয়ামী লীগের এই উপদেষ্টা পরিষদের সদস্য।

তোফায়েল বলেন, “বিএনপি ভুল থেকে শিক্ষা নিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিয়েছে। আশা করি, এখন বিএনপি কোনো দাবি দাওয়া প্লেস না করে প্রধানমন্ত্রীর অধীনে ইলেকশন কমিশনের নেতৃত্বে ২০১৯ সালের জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে। জাতীয় নির্বাচনও প্রধানমন্ত্রীর অধীনে অবাধ ও নিরপেক্ষ হবে।”

বৃহস্পতিবারের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী পৌনে এক লাখ ভোটের ব‌্যবধানে জয়ী হয়ে টানা দ্বিতীয় মেয়াদে মেয়র নির্বাচিত হন।

রিটার্নিং কর্মকর্তার ঘোষিত ফল অনুযায়ী, আইভীর নৌকা পেয়েছে ১ লাখ ৭৫ হাজার ৬১১ ভোট। আর তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খানের ধানের শীষ পেয়েছে ৯৬ হাজার ৪৪ ভোট।

ভোটের সার্বিক পরিস্থিতি নিয়ে সাখাওয়াত ‘সন্তুষ্টি’র কথা বললেও ‘ব্যালট গণনায় ত্রুটি’ হয়েছে বলে সন্দেহ প্রকাশ করেন। বিএনপির পক্ষ থেকেও ‘বাহ্যিকভাবে’ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়ার কথা বলা হলেও ফল ঘোষণা নিয়ে সন্দেহের জানানো হয়।

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি করে দশম জাতীয় সংসদের ভোট বর্জনকারী বিএনপি দলীয় প্রতীকে প্রথম সিটি করপোরেশনের এই ভোটের আগে ‘সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়’ বলে এলেও স্থানীয় সরকারের বেশ কয়েকটি নির্বাচনে অংশ নিয়েছে।

আগামী জাতীয় নির্বাচনের জন্য মেয়াদ শেষ হতে যাওয়া নতুন নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়া নিয়ে এর মধ্যেই রাষ্ট্রপতির  কাছে প্রস্তাবও দিয়েছে দলটি।

তোফায়েল বলেন, “ইসি গঠন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে বিএনপি ইতিমধ্যে সন্তোষ প্রকাশ করেছে। বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার সাপেক্ষে মহামান্য রাষ্ট্রপতি সার্চ কমিটি গঠন করবেন। তারা নির্বাচনে না আসলে তারাই ক্ষতিগ্রস্ত হবে।”

নারায়ণগঞ্জের নতুন মেয় সেলিনা হায়াৎ আইভীকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, “নারায়ণগঞ্জ নির্বাচন দৃষ্টান্ত স্থাপন করেছে, আইভীকে অভিনন্দন জানাই। এটা মার্কার ভোট; নৌকা ও ধানের শীষের যুদ্ধ। তার ব্যক্তিগত জনপ্রিয়তাও রয়েছে।”

আশুলিয়ার শিল্পাঞ্চলে শ্রমিক বিক্ষোভের পেছনে ‘অদৃশ্য শক্তি’ কাজ করছে মন্তব্য করে তিনি বলেন, “তারাই মালিক-শ্রমিকের দ্বন্দ্ব তৈরি করছে। জুলাইয়ের এক তারিখের পর দেশের ব্যবসা বানিজ্যে ধস নামার জন্যও তারাই দায়ী ছিল।”