২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে রথ দেখার সঙ্গে কলা বেচা

নির্বাচনী উত্তাপের মধ্যে আসা মুক্তিযুদ্ধে বিজয়ের দিনে উৎসব-আনন্দে নির্বাচনী প্রচার ও গণসংযোগে ব্যস্ত সময় পার করেছেন নারায়ণগঞ্জের মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা; বিজয়ের মাসে ভোটারদের কাছে ‘আরেকটি বিজয়’ প্রার্থনা করেছে তারা।

মাসুম বিল্লাহ

ও মজিবুল হক পলাশ, নারায়ণগঞ্জ থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2016, 11:17 PM

Updated : 11 Oct 2022, 09:27 PM

পুরনো খবর:

বিজয় দিবসে শ্রদ্ধা জানিয়ে ভোটের প্রচারে আইভী-সাখাওয়াত

বিজয় দিবসে শুক্রবার সকালে একাত্তরের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর পরপরই প্রার্থীরা বের হন ভোটারদের উদ্দেশ‌্যে; বিজয় মিছিলেও শোনা যায় ভোট চাওয়ার আওয়াজ।

সকাল সাড়ে ৯টায় চাষাড়ার বিজয় স্তম্ভে শ্রদ্ধা জানান বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খান। ঘণ্টা দেড়েক পর ২ নম্বর রেলগেইট এলাকায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী।

এরপর বিকাল ৩টার দিকে শীতলক্ষ্যার ওপারে বন্দর থানার বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগে যান আইভী। নদী পেরোনোর পর মদনগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় তাকে ফুলের পাপড়ি ছিটিয়ে অভিনন্দন দলের নেতাকর্মীরা।

সেখানে ১৯ নম্বর ওয়ার্ডের মদনগঞ্জ ও লক্ষ্মা চরে গণসংযোগের পর তিনি যান ২০ নম্বর ওয়ার্ডের মাহমুদনগর ও সোনাকান্দা এলাকায়।

সবশেষে সন্ধ্যার পর ২১ নম্বর ওয়ার্ডের চৌধুরীপাড়া, বাবুপাড়া ও নোয়াদ্দা এলাকায় গণসংযোগে ব্যস্ত সময় পার করেন সদ্য বিদায়ী এ মেয়র।

গণসংযোগের সময় আইভী বলেন, “এ নৌকা বিজয়ের নৌকা। এ নৌকা ডিসেম্বরের নৌকা। এই নৌকা নারায়ণগঞ্জের নৌকা। বিজয়ের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন।”

২২ ডিসেম্বর নারায়ণগঞ্জবাসী শেখ হাসিনাকে নৌকার আরেকটি বিজয় উপহার দেবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

দলমত নির্বিশেষে ‘সবাই নৌকার পক্ষে একাকার হয়ে গেছে’ দাবি করে আইভী বলেন, “২২ বছরের যুবক থেকে ২ বছরের শিশু সবার মুখে নৌকার ধ্বনি উঠেছে। আপনারা দেখেছেন, ৭০-৮০ বছর বয়স্করা যেমন নৌকা বলছে, ৫ বছরের শিশুও নৌকা বলছে।”

শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পরপরই ২১ নম্বর ওয়ার্ডের রেললাইন, সমরক্ষেত্র ও বাঘবাড়ি এলাকায় ভোটের প্রচার চালান বিএনপির মেয়রপ্রার্থী সাখাওয়াত।

এরপর ২২ ও ২৩ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষের পক্ষে ভোটারদের রায় চান তিনি।

সেখানে বিএনপি প্রার্থী স্থানীয় মুক্তিযোদ্ধা, মহিলা ও সাধারণ ভোটারদের কাছে বন্দরের বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দেন।

ভোটের পরিবেশ ঠিক রাখতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “সুষ্ঠুভাবে ভোট হলে এবং ভোটাররা ভোটকেন্দ্রে যেতে পারলে ধানের শীষের বিশাল বিজয় হবে।”

সেজন্য আবারও সেনা মোতায়েনের দাবি জানান বিএনপির প্রার্থী সাখাওয়াত।

বিকালে জেলা মহিলা দল ও যুব মহিলা দল চাষাড়া মোড় থেকে বিজয় মিছিল বের করেন। মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসের নেতৃত্বে হওয়া ওই মিছিল থেকে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে শ্লোগান দেওয়া হয়।

আইভীর জন্য কেন্দ্রীয় নেতাদের গণসংযোগ

নেতাকর্মীদের নিয়ে নৌকার পক্ষে গণসংযোগ অব্যাহত রেখেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতারা।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহ ও মহানগর সাধারণ সম্পাদক খোকন সাহার নেতৃত্বে একটি প্রতিনিধি দল এদিন সিদ্ধিরগঞ্জের ৬, ৭ ও ৮ নম্বর ওয়ার্ডে গণসংযোগ চালায়।

এ সময় কাজী জাফরুল্লাহ সাংবাদিকদের বলেন, “নৌকা স্বাধীনতার প্রতীক। নৌকা বিজয়ের প্রতীক। সিদ্ধিরগঞ্জের মানুষ অতীতে যেভাবে নৌকার সঙ্গে ছিল এবারও সেভাবে থাকবে।”

নির্বাচনে নৌকার প্রার্থীর জয় ‘সুনিশ্চিত’ বলে মন্তব্য করেন তিনি।

এর বাইরে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেলের নেতৃত্বে শীতলক্ষ্যা ও সোনাকান্দা এলাকায় এবং আরেক সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীমের নেতৃত্বে ১৬ ও ১৭ নম্বর ওয়ার্ডে গণসংযোগ চালায় কেন্দ্রীয় প্রতিনিধি দল।

‘যগদ্দল পাথর কিছুটা সরাতে ভোট দিন’

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা বিকালে সিদ্ধিরগঞ্জ এলাকার বিভিন্ন ওয়ার্ডে সাখাওয়াতের পক্ষে গণসংযোগে নামেন।

সেখানে এক পথসভায় রিজভী বলেন, “সরকার যগদ্দল পাথরের মতো মানুষের ওপর চেপে আছে। সেই পাথর কিছুটা সরানোর জন্য এবং গণতন্ত্রের পথে কিছুটা হাঁটার জন্য হলেও সাখাওয়াত হোসেন খানকে ভোট দিতে হবে। তাকে ভোট দিতে হবে মানুষের কেড়ে নেওয়া অধিকার ফিরে পেতে।”

উপজেলা নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে তিনি বলেন, “প্রথম দুই দফা ভোটে হানাহানি কিছুটা কম করেছে। যখন দেখল স্বাভাবিক নির্বাচন হলে বিএনপি বিজয়ী হবে, তখন শুরু করা হল ব্যালট বাক্স ছিনতাই, রাত ৩টায় সিল মেরে ব্যালট বাক্স ভর্তি, ভোটারদের ভোটকেন্দ্রে যেতে না দেওয়া।”

উপজেলা, পৌরসভা ও ইউপি নির্বাচনকে ‘রক্তমাখা ও লাশের নির্বাচন’ আখ‌্যা দিয়ে রিজভী বলেন, “এই নির্বাচনে জনগণ ভোট দিতে যায়নি। তাদের ভোট ছিনতাই করে নিয়ে গেছে।”

এদিন ধানের শীষের পক্ষে গণসংযোগে অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক, কেন্দ্রীয় নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সাবেক এমপি গিয়াস উদ্দিন ছিলেন।

এছাড়া সিদ্ধিরগঞ্জের ২ ও ৩ নম্বর ওয়ার্ডে বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন ও যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের নেতৃত্বে সাখাওয়াতের পক্ষে গণসংযোগ করা হয়।