২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সবার সঙ্গে এগোনোর স্বপ্ন আওয়ামী লীগের: তারানা

আওয়ামী লীগ সরকার সবাইকে সঙ্গে নিয়েই এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2016, 07:21 PM

Updated : 20 Aug 2022, 02:23 PM

শুক্রবার ফার্মগেট বটমূলী অরফানেজ টেকনিক্যাল স্কুলে গারো জনগোষ্ঠীর সাংস্কৃতিক উৎসবে (ওয়ানগালা) প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন। 

তারানা বলেন, “দেশের একজন মানুষ যদি পেছনে পড়ে থাকে তাহলে বাংলাদেশের এগিয়ে যাওয়া সম্ভব নয়। সেই একজন মানুষের মধ্যে আপনারাও আছেন। আপনাদের পিছিয়ে রেখে এই সরকার এগিয়ে যাওয়ার স্বপ্নে দেখে না। এই সরকারের প্রতিটি ক্ষেত্রে এগিয়ে যাওয়ার সহযোগী আপনারা।”

টেলিকম অপারেটরদের নেটওয়ার্ক বিস্তারে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে অগ্রাধিকার দেওয়ার জন্য বলা হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “অপারেটরদের বলা হয়েছে সেই জায়গা গুলো খুঁজে বের করেন যে জনগোষ্ঠী নেটওয়ার্কের বাইরে আছে। আপনারা আমাদের নেটওয়ার্কের মধ্যেই আছেন। প্রতিটি সুযোগ সুবিধা আপনাদের স্পর্শ করবেই।”

গারোদের কৃষিজ উৎসব হলো ওয়ানগালা। এর মধ্য দিয়ে গারোদের কৃষি দেবতা মিশি সালজংয়ের চরণতলে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল বলেন, “আমাদের ধর্ম ভিন্ন হতে পারে, তবে আমাদের হাজার বছরের যে লোকজ সংস্কৃতি মাটি থেকে উঠে আসা পরিচয় ভুলে যাইনি। সেই পরিচয় ভুলে যাওয়া সম্ভব নয়।

“আমার যারা এই বাংলাদেশের মানুষ পাহাড়ে থাকি আর সমতলে, গারো হই মারমা হই যেই হই না কেন আমরা এই মাটির সন্তান, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এই মাটির সন্তানরা এই মাটিকে স্বর্ণভূমি তৈরি করতে হাতে হাত ধরে সামনে দিকে এগিয়ে যাই।”

ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য জুয়েল আরেং বলেন, “১৯৯৯ সাল থেকে ঢাকায় এ উৎসবের আয়োজন করা হচ্ছে। ঢাকার থাকা ৩০ হাজারের বেশী গারো সম্প্রদায়ের লোকজনের মিলনের সুযোগ হচ্ছে।”

আগামীতে এ উৎসব আরো বড় পরিসরে করার আশাও ব্যক্ত করেন জুয়েল আরেং।

ঢাকা ওয়ানগালা উদযাপন কমিটির সভাপতি সৌরিন আরেং সেংয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী পরিষদের সদস্য উপাধ্যক্ষ রেমন্ড আরেং, নির্মল রোজারিও ও শৈবাল সাংমাসহ অন্যান্যরা।