২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক মামলার সাজার বিরুদ্ধে এরশাদের আপিলের শুনানি শুরু

প্রেসিডেন্টের দায়িত্বে থেকে রাষ্ট্রের অর্থ চুরির দায়ে তিন বছরের সাজার রায়ের বিরুদ্ধে এইচ এম এরশাদের আপিলের শুনানি শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2016, 09:32 PM

Updated : 20 Aug 2022, 02:22 PM

এক যুগ আগে বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি বুধবার শুরু হয় বিচারপতি মোহম্মদ রুহুল কুদ্দুসের একক হাই কোর্ট বেঞ্চে।

এরশাদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শেখ সিরাজুল ইসলাম। মামলার এজাহার ও অভিযোগপত্র আদালতে পড়ে শোনান তিনি। দুদকের পক্ষে আইনজীবী খুরশীদ আলম খান উপস্থিত ছিলেন।

শুনানির শুরুতে আদালত এরশাদের আইনজীবীর কাছে জানতে চায়, ১৯৯৪ সালের ২২ নভেম্বর আপিলের শুনানি শেষে মামলাটি রায়ের জন্য রাখা হয়েছিল। তখন কেন রায় হয়নি এবং সে বিষয়ে এ আইনজীবীর কিছু জানা আছে কি না?

জবাবে সিরাজুল ইসলাম আদালতকে বলেন, ওই সময় তিনি আইনজীবী ছিলেন না এবং তখন রায় কেন হয়নি সে বিষয়ে তিনি কিছু জানেন না।

এরপর শুনানি শুরু করতে বলে আদালত। প্রথম দিনের শুনানি শেষে বৃহস্পতিবার পর্যন্ত তা মুলতবি করা হয়।  

এরশাদের আইনজীবী শেখ সিরাজুল গত ১৫ নভেম্বর শুনানির জন‌্য চার সপ্তাহের সময় চেয়ে আবেদন করলে ৩০ নভেম্বর তারিখ ঠিক হয়েছিল।

এরশাদের অসুস্থতা এবং নিজের প্রস্তুতি না থাকাকে সময়ের আবেদনে কারণ দেখিয়েছিলেন তিনি।

তখন বিচারক বলেছিলেন, ১৯৯২ সালের মামলা এখনও যদি বিচারাধীন থাকে তাহলে হাই কোর্টের দরজা বন্ধ করে দেওয়া উচিৎ।

“তিনি সাবেক প্রেসিডেন্ট হলেও আলাদা কোনো সুযোগ পাবেন না। আইন সবার জন্য সমান। আপনাকে শেষ সুযোগ দেওয়া হল। এরপর আপনাকে আর সুযোগ দেওয়া হবে না।”

গণঅভ‌্যুত্থানে ক্ষমতা হারানোর পর ১৯৯১ সালের ৮ জানুয়ারি জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদের বিরুদ্ধে এ মামলা করে তখনকার দুর্নীতি দমন ব্যুরো।

এজাহারে বলা হয়, ১৯৮৩ সালের ১১ ডিসেম্বর থেকে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর পর্যন্ত রাষ্ট্রপতি থাকাকালে বিভিন্ন উপহার রাষ্ট্রীয় কোষাগারে জমা না দিয়ে এরশাদ ১ কোটি ৯০ লাখ ৮১ হাজার ৫৬৫ টাকার আর্থিক অনিয়ম ঘটিয়েছেন।

ঢাকার বিশেষ জজ আদালত ১৯৯২ সালের ৩ ফেব্রুয়ারি এ মামলার রায়ে এরশাদকে তিন বছরের কারাদণ্ড দেয়।

এরশাদ ওই বছরই হাই কোর্টে আপিল করলে দণ্ড স্থগিত হয়ে যায়।

দুর্নীতি দমন ব‌্যুরো বিলুপ্ত হয়ে গঠিত দুর্নীতি দমন কমিশন ২০১২ সালে এ মামলায় পক্ষভুক্ত হয়।

মামলাটি শুনানির জন্য এর আগে একবার আদালতে উপস্থাপন করা হলেও পরে তা আর এগোয়নি। গত অগাস্টে আবারও এই আপিল শুনানির উদ্যোগ নেয় দুদক।

১৯৯০ সালে গণআন্দোলনের মুখে এরশাদের পতনের পর বিভিন্ন অভিযোগে প্রায় তিন ডজন মামলা হয় তার বিরুদ্ধে। এর মধ্যে তিনটি মামলায় তার সাজার আদেশ হয় এবং একটিতে তিনি সাজা খাটা শেষ করেন।

২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের আগে এরশাদ নির্বাচন কমিশনে যে হলফনামা দেন, তাতে তখনও আটটি মামলা থাকার কথা বলা হয়। বাকি মামলাগুলো থেকে তিনি খালাস বা অব্যাহতি পেয়েছেন, অথবা মামলার নিষ্পত্তি হয়ে গেছে।

এই আট মামলার মধ্যে চারটির কার্যক্রম উচ্চ আদালতের আদেশে স্থগিত রয়েছে। মঞ্জুর হত্যাসহ তিনটি মামলা সচল রয়েছে।