গণতন্ত্র নিরাপদ করতে বামপন্থিদের এক হওয়ার আহ্বান ইনুর
গণতন্ত্রকে নিরাপদ করতে সব বামপন্থিদের এক হওয়ার আহ্বান জানিয়েছেন জাসদের সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
সোমবার জাতীয় প্রেস ক্লাবে কমরেড তোয়াহার ২৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় তিনি এ আহ্বান জানান।
বাম নেতাদেরকে ঐক্যবদ্ধভাবে সমাজতন্ত্র ধারণ করার আহ্বান জানিয়ে ইনু বলেন, “অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে জঙ্গি দমনের মাধ্যমে দেশে শান্তি ফিরিয়ে আনতে হবে। আর এই শান্তি ফিরিয়ে আনতে পারলেই কেবল দেশের গণতন্ত্র নিরাপদ হবে।
“আসুন গণতন্ত্রকে নিরাপদ করতে, জঙ্গি দমনে সকল সমাজতন্ত্রী ও বামপন্থি নেতারা সামনে থেকে নেতৃত্ব দেবেন। সমাজতান্ত্রিক আন্দোলনে আপোসহীন থাকব, ধনী-গরিবের বৈষম্য দূর ও সম-অধিকার নিশ্চিত করতে এক থাকব। তা হলেই দেশে শান্তি আসবে।”
কমরেড তোয়াহার স্মরণে এই সভার আয়োজন করে সাম্যবাদী দল।
এতে তথ্যমন্ত্রী ইনু বলেন, “কমরেড তোয়াহা সমাজতন্ত্রের জন্য লড়াই করে গেছেন। এই সমাজতন্ত্রকে ধারণ করতে পারলে ধনী-গরিবের বৈষম্য দূর হবে, সম-অধিকার নিশ্চিত হবে। তখনই গণতন্ত্র শক্তিশালী হবে।”
স্মরণ সভার সভাপত্বি করেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া।
