মৃত্যুবার্ষিকীতে মেয়র হানিফ স্মরণে কর্মসূচি
অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ হানিফের দশম মৃত্যুবার্ষিকীতে নানা সোমবার নানা কর্মসূচি নেওয়া হয়েছে।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, হানিফের মৃত্যুবার্ষিকীতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশন, মেয়র মোহাম্মদ হানিফ স্মৃতি সংসদসহ বিভিন্ন সংগঠন কর্মসূচি আয়োজন করেছে।
এর মধ্যে রয়েছে- সকাল ১০টায় আজিমপুর কবরস্থানে কবর জিয়ারত ও দোয়া মাহফিল, বিকাল ৩টায় নগর ভবনে স্মরণ সভা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের স্মরণ সভায় থাকবেন।
১৯৪৪ সালের ১ এপ্রিল ঢাকায় জন্মগ্রহণ করেন মোহাম্মদ হানিফ। ছাত্রাবস্থায় ছাত্রলীগের সক্রিয় কর্মী হিসেবে রাজনীতি শুরু করে জীবনের শেষ দিন পর্যন্ত আওয়ামী লীগের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন তিনি।
১৯৬৫ সালে বঙ্গবন্ধুর একান্ত সচিবের দায়িত্ব পান হানিফ। ১৯৭৩ সালে বঙ্গবন্ধুর ছেড়ে দেওয়া ঢাকা-১২ আসন থেকে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন তিনি, পালন করেন হুইপের দায়িত্ব।
পুরান ঢাকার মাজেদ সর্দারের জামাতা হানিফ ১৯৭৬ সালে ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন।
বিএনপি ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগের সমর্থন নিয়ে ঢাকার মেয়র পদে বিপুল ভোটে নির্বাচিত হন হানিফ। ১৯৯৬ সালে বিএনপিবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার।
২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা হলে শেখ হাসিনাকে বাঁচাতে মানবঢাল তৈরিতে হানিফও ছিলেন। গ্রেনেডের আঘাতে আহতও হন তিনি।
দেহে স্প্লিন্টারের ক্ষত নিয়ে ধুকতে ধুকতে ২০০৬ সালের ২৮ নভেম্বর ৬২ বছর বয়সে মারা যান হানিফ।
