সরকারকে সমঝোতার আহ্বান মওদুদের
নতুন নির্বাচন কমিশন গঠনে সরকারকে সমঝোতায় আসার আহ্বান জানিয়েছে বিএনপি।
শুক্রবার দুপুরে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ সরকারের উদ্দেশে বলেন, “আসুন একটা সমঝোতার মাধ্যমে কী করে একটি নিরপেক্ষ ও শক্তিশালী নির্বাচন কমিশন করতে পারি, সে ব্যাপারে আমরা আলোচনা করি। আমরা বিএনপির তরফ থেকে সম্পূর্ণ সহযোগিতা করব।”
বিএনপি চেয়ারপারসন ইতোমধ্যে নির্বাচন কমিশন নিয়োগে বাছাই কমিটি গঠনের রূপরেখা, প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের যোগ্যতা এবং ‘সব দলের অংশগ্রহণে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ’ নির্বাচন অনুষ্ঠানের জন্য গণপ্রতিনিধিত্ব আদেশের কয়েকটি ধারার সংশোধনসহ ১৩ দফা প্রস্তাব দিয়েছেন।
তিনি বলেছেন, এই কমিশন হতে হবে ‘সব নিবন্ধিত রাজনৈতিক দল, অথবা স্বাধীনতার পর প্রথম জাতীয় সংসদ থেকে শুরু করে বিভিন্ন সময়ে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেছে এমন সকল রাজনৈতিক দলের’ মতৈক্যের ভিত্তিতে।
তার প্রস্তাবকে ‘অন্তঃসারশূন্য’ বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, যারা সংসদের বাইরে রয়েছে, ইসি নিয়ে আলোচনায় তাদের কথা বলার কোনো অধিকার নেই।
শুক্রবার বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত ‘নিরপেক্ষ সরকার, নিরপেক্ষ ও শক্তিশালী নির্বাচন কমিশন, জনগণের ভোটাধিকার ও অংশগ্রহণমূলক নির্বাচনের পূর্বশত’ শীর্ষক আলোচনা সভায় কথা বলেন মওদুদ।
তিনি বলেন, খালেদা জিয়ার ওই প্রস্তাব পুরোপুরি মানতে হবে এমন কথা তিনি বলেননি। অন্য দলগুলোও এ বিষয়ে মতামত দিতে পারে।
“আমরা বলি, আমাদের প্রস্তাবের ওপর আলোচনা করে একটা সমঝোতায় আসি। তাহলেই এদেশে আবার গণতন্ত্র ফিরিয়ে আনতে পারব।”
ক্ষমতাসীন দলের নেতারা বিএনপি নেত্রীর প্রস্তাব বিবেচনা না করেই নাকচ করে দেওয়ায় তাদের সমালোচনা করেন সাবেক বিএনপি-জামায়াত জোট সরকারের মন্ত্রী মওদুদ।
“যদি তারা সত্যিকার অর্থে গণতন্ত্রে বিশ্বাস করে, তাদের উচিৎ ছিল এই প্রস্তাবনাকে স্বাগত জানানো এবং জাতীয়ভাবে একটি আলোচনার পরিবেশ সৃষ্টি করা। সেই ১৯৭২ সালের একই ধারণা নিয়ে আওয়ামী লীগ দেশ পরিচালনা করছে। এখন ক্ষমতায় থাকার জন্য যা কিছু করা দরকার তাই করছে।”
মওদুদ বলেন, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা নিজে একসময় তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির জন্য আন্দোলন করলেও তিনিই ওই ব্যবস্থা বাতিল করলেন। অন্য কোনো দেশে এ্ভাবে জাতীয় পর্যায়ের কোনো নেতা ‘অবস্থান বদল করলে’ মানুষ তাকে ‘প্রত্যাখান করত’।
“সময় পেরিয়ে যাচ্ছে। ২০০৭ সাল যদি ধরেন, এখন পর্যন্ত প্রায় ৯ বছর গণতন্ত্রহীনতায় আমরা রয়েছি। যদি কেউ মনে করেন, এর কোনো সমাপ্তি নাই, এটা চলতেই থাকবে- তা ঠিক না।... বিএনপির নেতৃত্বে আমরা আবার বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে পারব।”
সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এ আলোচনা সভায় সভপতিত্ব করেন সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন গাজী।
অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য্ অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য্ অধ্যাপক আফম ইউসুফ হায়দার, ড্যাব নেতা এজেডএম জাহিদ হোসেন সাংবাদিক মাহফুজউল্লাহ, প্রকৌশলী আনহ আখতার হোসেন, অধ্যাপক ওবায়দুল ইসলাম, অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, অধ্যাপক মোস্তাক রহিম স্বপন, অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু বক্তব্য দেন।
