২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির ক্ষমতা খর্ব নয়, কাজ সহজের প্রস্তাব: ফখরুল

নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে খালেদা জিয়া যেসব প্রস্তাব দিয়েছেন তা রাষ্ট্রপতির ক্ষমতা খর্ব নয়, তার কাজ সহজ করবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2016, 07:50 PM

Updated : 20 Aug 2022, 02:19 PM

বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগের ব্যাপারে রাষ্ট্রপতির ক্ষমতাকে প্রস্তাবনায় কোনোভাবে সীমাবদ্ধ করা বা এতে কোনো প্রকার ব্যত্যয় ঘটানোর চেষ্টা করা হয়নি। আমরা রাষ্ট্রপতিকে সর্বোচ্চ রাষ্ট্রীয় প্রতীক হিসেবে বিবেচনা করি এবং এই অবস্থান আমাদের দৃষ্টিতে অলঙ্ঘনীয়।”

খালেদার প্রস্তাব নিয়ে কার্যকর আলোচনা শুরুর আহ্বান জানিয়ে ফখরুল বলেন, “অহেতুক কালক্ষেপণ না করে, একগুঁয়েমি পরিত্যাগ করে জাতির মঙ্গলের জন্য, একটি গণতান্ত্রিক কাঠামো গঠনের জন্য, প্রতিনিধিত্বশীল পার্লামেন্ট গঠন অপরিহার্য। সেই কারণেই শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য স্বাধীন, নিরপেক্ষ, সাহসী নির্বাচন কমিশনের কোনো বিকল্প নেই।

“রাষ্ট্রের সকল পর্যায়ের সেক্টরগুলো যেমন মিডিয়া রয়েছে, রাজনৈতিক দলগুলো রয়েছে, সিভিল সোসাইটি রয়েছে তাদের সকলের প্রতি বলছি- আসুন সেই লক্ষ্যে দেশনেত্রীর প্রস্তাবের ওপর ভিত্তি করে একটি জাতীয় ঐক্যমত গড়ে তুলি এবং রাজনৈতিক সংকট থেকে মুক্তির লক্ষ্যে টেকসই উন্নয়ন, অর্থনৈতিক মুক্তির পথে একযোগে কাজ করি।”

দশম সংসদ নির্বাচ বর্জনকারী বিএনপির চেয়ারপারসন গত শুক্রবার নির্বাচন কমিশন পুনর্গঠন এবং ‘সব দলের অংশগ্রহণে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ’ নির্বাচন অনুষ্ঠানের জন্য গণপ্রতিনিধিত্ব আদেশের কয়েকটি ধারার সংশোধনসহ ১৩টি প্রস্তাব দেন।

সব নিবন্ধিত রাজনৈতিক দল অথবা এ পর্যন্ত জাতীয় সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলোর মতৈক্যের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠনের কথা বলেছেন তিনি।

নির্বাচন কমিশনার নিয়োগে বাছাই কমিটি গঠনের রূপরেখা এবং কারা প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার হতে পারবেন তারও একটি শর্ত দিয়েছেন তিনি।

খালেদা জিয়ার এই প্রস্তাব নাকচ করে আওয়ামী লীগ বলেছে, ‘অন্তঃসারশূন্য’ ওই প্রস্তাবে নতুন কিছু নেই।

গতবারের মতো রাষ্ট্রপতি সার্চ কমিটি গঠন করে নির্বাচন কমিশন পুনর্গঠন করবেন বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, “দেশনেত্রীর প্রস্তাব সংবিধানকে সামনে রেখে করা হয়েছে। সংবিধান লঙ্ঘিত হয়েছে বলে আমরা মনে করি না।

“সব দলের সঙ্গে আলোচনার বিষয়ে প্রস্তাবনায় সুস্পষ্টভাবে বলা হয়েছে, সকল দল বলতে আমরা কী বলতে চেয়েছি। এখানে অস্পষ্টতার বা কৌশলের কিছু নাই। বাস্তবতার আলোকেই এই প্রস্তাব দেওয়া হয়েছে।”

বিএনপি নির্বাচন কমিশন গঠনের বিষয়ে কোনো আইন প্রণয়নের কথা কেন বলছে না, এ প্রশ্নের জবাবে সংবিধানের ১১৮ (১) অনুচ্ছেদ তুলে ধরে ফখরুল বলেন, “আমরা সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল। তবে বর্তমানে ১৫৪ জন অনির্বাচিত সদস্য নিয়ে যে সংসদ বহাল আছে, সে সংসদ যদি কোনো আইন বা বিধি প্রণয়ন করে তার নৈতিক ভিত্তি খুবই দুর্বল হবে। এই সংসদে প্রণীত আইন নৈতিকভাবে দুর্বল অবস্থানে থেকে যেভাবে এবং যে ভাষায় প্রণীত হবে তা অনেক রাজনৈতিক দলের কাছে এমনকি দেশবাসীর কাছে অগ্রহণযোগ্য হয়ে যেতে পারে।

“সেজন্য সকল নিবন্ধিত রাজনৈতিক দল সমঝোতা ও ঐক্যমতের ভিত্তিতে এই আইনের যে কাঠামো এবং শর্তাবলী নির্দিষ্ট করে দেবে, তা হুবহু অনুসরণ করে আইন প্রণয়ন হলে আমাদের কাছে গ্রহণযোগ্য হবে এবং আমরা তা অভিন্দিত করব।”

নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন এবং তাদের বিচারিক ক্ষমতা দেওয়ার প্রস্তাবের পক্ষে যুক্তি দেন বিএনপির মহাসচিব।

তিনি বলেন, “প্রতিরক্ষা বাহিনীকে কেবলমাত্র স্টাইকিং ফোর্স হিসেবে নিয়োগ করলে কার্যকর ও সন্তোষজনক ফলাফল পাওয়া সম্ভব হয় না বিধায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার প্রয়োজনে ম্যাজিস্টেরিয়াল ক্ষমতাসহ সেনাবাহিনী মোতায়েনের প্রস্তাব করা হয়েছে।”

নির্বাচন কেন্দ্র করে বিচারিক ক্ষমতা দিয়ে সেনাবাহিনী মোতায়েনের খালেদা জিয়ার প্রস্তাবের বিপক্ষে বলছেন অনেকে, যাদের মধ্যে বিএনপি নেত্রীর অন্যতম পরামর্শক অধ্যাপক এমাজউদ্দীন আহমদও রয়েছেন।

নির্বাচনের সময়ে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের গণহারে প্রত্যাহারের প্রস্তাবের পক্ষে যুক্তি দিয়ে বিএনপি মহাসচিব বলেন, “বর্তমান সরকার কীভাবে প্রশাসনের সর্বোচ্চ পর্যায় থেকে নিরাপত্তা পর্যন্ত দলীয়করণ করেছে, তার ফলাফল আপনারা দেখতেই পাচ্ছেন। এটা সত্য যে, বর্তমানে দলীয়করণের মাত্রা এতো ব্যাপক যে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রত্যাহার করে নতুন যাদের পদায়ন করা হবে তারাও মোটামুটি সরকারি দলের পছন্দের কর্মকর্তারাই হবেন।

“তবে যেহেতু সংশ্লিষ্ট জেলায় নির্বাচনের আগের পাঁচ বছর ধরে তারা কোনো পদ মর্যাদায় কর্মরত ছিলেন না, আশা করা যায়, নতুন পোস্টিং নিয়ে জেলা/উপজেলা/থানায় গেলে ওই কর্মস্থলের রাজনৈতিক নেতাদের সঙ্গে তাদের ব্যক্তিগত সখ্য থাকবে না বা সখ্য নিবিড় হওয়ার আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে। তাতে কিছুটা হলেও তাদের নিরপেক্ষ ভূমিকা আশা করা যায়।”

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, আবুল খায়ের ভুঁইয়া, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, মক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল জয়নাল আবেদীন প্রমুখ উপস্থিত ছিলেন।