২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার ‘অস্বাভাবিক’ প্রস্তাবে আলোচনা নয়: ইনু

নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে খালেদা জিয়ার প্রস্তাব ক্ষমতাসীন দলের নাকচের পর তথ‌্যমন্ত্রী হাসানুল হক ইনুও একই প্রতিক্রিয়া জানিয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2016, 10:38 PM

Updated : 20 Aug 2022, 02:17 PM

সোমবার মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে তিনি বলেছেন, খালেদা জিয়ার প্রস্তাব সকল বিবেচনায় ‘অযৌক্তিক, অবান্তর, অসাংবিধানিক ও অস্বাভাবিক’। এ বিষয়ে নিয়ে আলোচনার কোনো সূত্র বা ভিত্তি হতে পারে না।

দশম সংসদ নির্বাচন বর্জনকারী বিএনপির চেয়ারপারসন গত শুক্রবার সংবাদ সম্মেলন করে ইসি নিয়োগে বাছাই কমিটি গঠনের রূপরেখা এবং ‘সব দলের অংশগ্রহণে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ’ নির্বাচন অনুষ্ঠানের জন‌্য গণপ্রতিনিধিত্ব আদেশের কয়েকটি ধারা সংশোধনসহ ১৩টি প্রস্তাব দেন।

তার প্রস্তাব দেওয়ার ঘণ্টাখানেকের মধ‌্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘অন্তঃসারশূন‌্য’ এই প্রস্তাব জাতির সঙ্গে ‘তামাশা’ ছাড়া আর কিছুই নয়।

এরপর খালেদা জিয়া এক টুইটে তার প্রস্তাবের উপর ভিত্তি করে আলোচনা হতে পারে বলে মন্তব‌্য করেন।

জাসদ সভাপতি ইনু বলেন, “আলোচনার জন্য নতুন প্রস্তাব নিয়ে আসলে সে বিষয়ে দেখা হবে।”

বিএনপিকে বাদ রেখে আগামী নির্বাচন গ্রহণযোগ্য হবে কি না- এক সাংবাদিকের প্রশ্নে তিনি বলেন, “আলোচনার বিরোধী আমরা না, তবে ১৩ দফা নিয়ে আলোচনা করব না।

“নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে, নির্বাচন কমিশন নিয়ে আলোচনা হতে পারে। সাংবিধান অনুযায়ী ভোট হবে, কে নির্বাচনে আসলো না, কে আসলো, তা দল বুঝবে।”

বিএনপি চেয়াররপারসনের প্রস্তাবের বিষয়ে প্রতিক্রিয়া তুলে ধরতে প্রধান তথ্য কর্মকর্তা এ কে এম শামীম চৌধুরীকে সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলনে আসা তথ‌্যমন্ত্রী বলেন, “তার প্রস্তাবনার উদ্দেশ্য দেশে অনিশ্চয়তা সৃষ্টি করে সাংবিধানিক শূন্যতার দিকে ঠেলে দেওয়া।”

নির্বাচনে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়ার প্রস্তাব দিয়ে খালেদা জিয়া প্রতিরক্ষা বাহিনীকে বিতর্কিত করার অপপ্রয়াস চালিয়েছেন বলে মন্তব‌্য করেন তিনি।

ইনু আরও বলেন, “বেগম জিয়া ‘সকল রাজনৈতিক দল’ শব্দটির আড়ালে জামায়াত, মুসলিম লীগসহ স্বাধীনতাবিরোধী, যুদ্ধাপরাধী এবং বঙ্গবন্ধুর খুনিদের দল ফ্রিডম পার্টিকে হালাল করার অপপ্রয়াস পেয়েছেন।”

বাংলাদেশে এই মূহূর্তে সবচেয়ে বড় বিপদ হিসেবে জঙ্গিবাদকে চিহ্নিত করে জাসদ সভাপতি বলেন, খালেদা জিয়া তার বক্তব্যে জঙ্গিবাদের বিষয় সম্পূর্ণ এড়িয়ে গেছেন।