সিপিবির সাম্প্রদায়িকতাবিরোধী প্রচার-প্রতিরোধ কর্মসূচি উদ্বোধন
দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার প্রেক্ষাপটে দেশব্যাপী ‘সাম্প্রদায়িকতা বিরোধী প্রচার ও প্রতিরোধ পক্ষ’ কর্মসূচি শুরু করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি)।
মঙ্গলবার নরসিংদীর বেলাবো উপজেলার নারায়ণপুর হাটে এ কর্মসূচির উদ্বোধন করেন সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।
উদ্বোধনীতে তিনি বলেন, সাম্প্রদায়িক অপশক্তি দেশের সামনে বড় বিপদ হয়ে দেখা দিয়েছে।
“নীতি-আদর্শহীন রাজনীতির ছত্রছায়ায় এই অপশক্তি বিপর্যস্ত করে তুলছে গ্রাম-শহর-জনপদ। স্বার্থান্বেষীদের লালন-পালনে আবহমান বাংলার অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক চেতনাকে গ্রাস করে চলেছে।
এ পরিস্থিতিতে দেশকে সাম্প্রদায়িকতামুক্ত করার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করে সেলিম বলেন, “গ্রামে গ্রামে সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ প্রতিরোধ দুর্গ গড়ে তুলতে হবে। সাম্প্রদায়িকতামুক্ত দেশ গড়ে তুলতে হলে সাম্প্রদায়িকতামুক্ত গ্রাম গড়ে তুলতে হবে।”
সারাদেশের গ্রামাঞ্চলে অন্তত এক হাজার হাটসভা, শহরাঞ্চলে পথসভা ও সমাবেশ করার মধ্যদিয়ে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত চলবে এ সাম্প্রদায়িকতা বিরোধী প্রচার-প্রতিরোধ কর্মসূচি।
কর্মসূচির উদ্বোধনী দিনে প্রত্যেক গ্রামে সাম্প্রদায়িকতা প্রতিরোধে স্বেচ্ছাসেবক বাহিনী গড়ে তোলার আহ্বান জানান সিপিবি সভাপতি।
মুজাহিদুল ইসলাম সেলিম (ফাইল ছবি)
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ও গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করে সাম্প্রদায়িক সন্ত্রাস, জাতিগত বিদ্বেষের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বার জানান তিনি।
বাম-গণতান্ত্রিক শক্তির উত্থান ঘটাতে হবে মন্তব্য করে এই সিপিবি নেতা বলেন, “রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মকে বিকৃত করে তার অপব্যবহার করা হচ্ছে। ধর্ম আর সাম্প্রদায়িকতা এক নয়। সাম্প্রদায়িকতা মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করে।
“সাম্প্রদায়িক শক্তি ইংরেজ, পাকিস্তানি শাসকদের দালালি করেছে। সাম্প্রদায়িক শক্তি আমাদের ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, সকল গণতান্ত্রিক আন্দোলনের বিরুদ্ধে দাঁড়িয়েছে।”
এসময় সেলিম সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ করারও দাবি জানান।
উদ্বোধনী হাটসভায় অন্যদের মধ্যে সিপিবি’র সভাপতিমণ্ডলীর সদস্য সাজ্জাদ জহির চন্দন, সিপিবি নেতা আজিমউদ্দিন মস্তু, হাফিজুল ইসলাম, তফাজ্জল হোসেন শান্তি, ফজলুল হক, মাসুদ বাচ্চু, লোকনাথ বর্মন বক্তব্য দেন।
এদিন সেলিম সিপিবি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার পাঁচরুখি হাটেও বক্তব্য রাখেন।
