ইসি নিয়ে সংবাদ সম্মেলনে আসছেন খালেদা
নতুন নির্বাচন কমিশন গঠন ও এর কাঠামো সম্পর্কিত প্রস্তাব নিয়ে সংবাদ সম্মেলনে আসছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
শুক্রবার বিকাল ৪টায় গুলশানের ওয়েস্টিন হোটেলে এই সংবাদ সম্মেলন হবে বলে জানিয়েছেন তার প্রেস সচিব মারুফ কামাল খান।
সংবাদ সম্মেলনে আসার আগে দল ও জোটের নেতাদের সঙ্গেও আলোচনা করবেন খালেদা।
এজন্য বুধবার রাতে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি এবং পরদিন ২০ দলীয় জোটের বৈঠক ডেকেছেন তিনি। গুলশানে তার কার্যালয়ে বৈঠক দুটি হবে।
বিএনপির ভাষায় ‘সরকারের আজ্ঞাবহ’ কাজী রকিবউদ্দীন আহমদ নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের মেয়াদ আগামী ফেব্রুয়ারিতে শেষ হবে।
এরপর গঠিত নির্বাচন কমিশনের অধীনে ২০১৯ সালে একাদশ সংসদ নির্বাচন হবে।
নতুন কমিশন আগের বারের মতো এবারও ‘সার্চ কমিটি’ গঠনের মাধ্যমে রাষ্ট্রপতি করবেন বলে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন।
২০১২ সালে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে ‘সার্চ কমিটির’ মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি জিল্লুর রহমান।
তবে কাজী রকিব নেতৃত্বাধীন বর্তমান কমিশনের অধীনে অধিকাংশ নির্বাচনেই অংশ নেয়নি বিএনপি।
দলটি সব রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে নতুন ইসি গঠনের দাবি জানিয়ে আসছে।
