একদলের স্বেচ্ছাচারিতা চলছে দেশে: বিএনপি
সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি না দিয়ে সরকার ‘সাংবিধানিক অধিকার’ লঙ্ঘন করেছে অভিযোগ করে বিএনপি বলেছে, দেশে একদলের স্বেচ্ছাচারিতা চলছে।
রোববার এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ অভিযোগ করেন।
তিনি বলেন, “জনসভা করা আমাদের সাংবিধানিক অধিকার। আজকে তো জরুরি অবস্থা ঘোষণা করে জনসভা বন্ধ করে দেওয়া হয়নি। এখানে আইনের মধ্য থেকে জনসভা করার বিষয়ে অনুমতি দেওয়া হচ্ছে না। অর্থাৎ আমার সাংবিধানিক যে অধিকার তা আজ লঙ্ঘন করা হচ্ছে।
“এখন দেশে যা চলছে, এককথায় বলা যেতে পারে, পুরোপুরিভাবে একটি দলের স্বেচ্ছাচারিতা চলছে। বেআইনিভাবে, অবৈধভাবে যে সরকার তারা গঠন করেছেন, তাকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য তারা গণতন্ত্রের সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিচ্ছে।”
পূর্ব ঘোষণা অনুযায়ী সোহরাওয়ার্দী উদ্যানে রোববারের সমাবেশের অনুমতি পুলিশ দেয়নি জানাতে বেলা সাড়ে ১২টায় নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সামনে আসেন মির্জা ফখরুল।
বিএনপি মহাসচিব ক্ষোভের সঙ্গে বলেন, “আজকে গোটা দেশে এমন একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে, যেখানে আইনের শাসন বলতে কিছু নেই, ন্যায়বিচার বলতে কিছু নেই। মানুষ এখন পুরোপুরিভাবে নিপীড়ন-নির্যাতনের মধ্যে আছে।”
এর আগে নগর গণপূর্ত বিভাগ থেকে দলীয় কার্যালয়ে আসা পত্রের বিষয়বস্তু সাংবাদিকদের কাছে তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, “আমরা অনুমতি চেয়ে তাদেরকে যে চিঠি দিয়েছিলাম, তার উল্টো দিকে নগরপূর্ত বিভাগ-সার্কেল-১ থেকে নির্বাহী প্রকৌশলীকে এই চিঠি করে পাঠিয়েছে।
“দিস ইজ দ্য ওয়ে দি গর্ভমেন্ট ইজ রানিং। এভাবে এই সরকার চলছে। এই সরকার যে ব্যর্থ সরকার, তারা যে রাষ্ট্র পরিচালনায় যোগ্য নয়, সেটা আবার প্রমাণ করেছে, এই চিঠির মাধ্যমে।
“আমরা এর আগে বহুবার বলেছি, এরা যে কোনো উপায় হউক, যে কোনো পদ্ধতিতে হোক ক্ষমতায় টিকে থাকতে চায়, সেটার জন্য কোনো নীতি, কোনো বিধি-বিধান-আইনের শাসন কোনো কিছুর তোয়াক্কা করে না।”
তিনি বলেন, “গত কয়েকবছর ধরে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর গণতন্ত্রকে পুরোপুরিভাবে কবর দেওয়া হয়েছে। এখন যেটা চলছে, এ ধরণের মিলাদ মাহফিল-টাফিল, কুলখানি-টুলখানি চলছে। সেভাবেই চলছে। আমরা সরকারের এহেন নীতির তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি।”
‘বর্তমান সংকট’ থেকে উত্তরণে সংলাপে বসতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার অধীনে এবং নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় নির্বাচন অনুষ্ঠান ছাড়া বর্তমান সংকটের সমাধান হবে না।
অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, আতাউর রহমান ঢালী, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
