২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের মতো ‘সুন্দর নির্বাচন’ চান আমান

নির্দলীয় সরকারের অধীনে না হওয়ায় দশম সংসদ নির্বাচন বর্জনকারী বিএনপির নেতা আমানউল্লাহ আমান বাংলাদেশে যুক্তরাষ্ট্রের মতো ভোট চাইছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জ‌্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2016, 08:02 PM

Updated : 20 Aug 2022, 02:11 PM

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের দুদিন বাদে বৃহস্পতিবার ঢাকায় এক আলোচনা সভায় তিনি ওই ভোট থেকে বাংলাদেশে ক্ষমতাসীন আওয়ামী লীগকে ‘শিক্ষা’ নেওয়ার পরামর্শও দেন।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস‌্য আমান বলেন, “আজকে সরকারকে শিক্ষা নিতে হবে, আমেরিকাতে কীভাবে নির্বাচন হল। ক্ষমতায় রয়েছে ডেমোক্রেট, আর নির্বাচিত হল রিপাবলিকান।

“তার অর্থ কী? কত সুন্দর-সুষ্ঠু-অবাধ নির্বাচন হয়েছে সেখানে। আমরা বলতে চাই, এরকম সুষ্ঠু নির্বাচনই বাংলাদেশে দিতে হবে।”

সংবিধানের চেতনার সঙ্গে সাংঘর্ষিক বলে আদালতের রায়ের পর আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বিলুপ্ত করে দিলে বিএনপি ক্ষমতাসীনদের অধীনে নির্বাচনে আপত্তি জানায়।

দলীয় সরকারের অধীনে ভোট নিরপেক্ষ হবে না দাবি করে নির্বাচনকালীন নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি এখনও জানিয়ে আসছে বিএনপি। অন‌্যদিকে আওয়ামী লীগ বলছে, তাদের অধীনেই নির্বাচন হবে।

Image
আমানউল্লাহ আমান

আমানউল্লাহ আমান

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের মতো ভোট হলে বিএনপি ‘সংখ্যাগরিষ্ঠ’ আসন নিয়ে জয়ী হবে বলে মনে করেন আমান।

নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানিয়ে তিনি বলেন, “অবশ্যই নির্বাচন কমিশনকে (ইসি) ঢেলে সাজাতে হবে। সকলের মতামত নিয়ে ইসি করতে হবে। আপনাদের (সরকার) একার কথায় হবে না, গায়ের জোরে হবে না। এবার গায়ের জোরে ইসি করতে গেলে এর জবাব জনগণ ব্যালটের মাধ্যমে দেবে।”

এরশাদবিরোধী আন্দোলনের ছাত্রনেতা ও ডাকসুর ভিপি আমান জাতীয় প্রেস ক্লাবে ইয়ুথ ফোরামের উদ্যোগে নূর হোসেন দিবসের আলোচনায় একথা বলেন।

আওয়ামী লীগের সহযোগী সংগঠন নূর হোসেনের আত্মত্যাগের কথা তুলে ধরে আমান বলেন, “আজকেও নূর হোসেনের আত্মা কাঁপছে। সেই স্বৈরাচারকে দূত বানান, সেই স্বৈরাচারের নেতৃবৃন্দকে কেবিনেটে নিয়ে একসঙ্গে মিটিং করেন, এই থেকে লজ্জার কী আছে?”

আলোচনা সভায় বিএনপি নেতা নাজিমউদ্দিন আলম, রফিক শিকদার, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, জাগপার খোন্দকার লুৎফুর রহমান, আসাদুর রহমান খান, ডিএল‘র সাইফুদ্দিন মনি, ইয়ুথ ফোরামের মুহাম্মদ সাইদুর রহমান, মাহবুবুল হক চৌধুরী বক্তব্য রাখেন।