এমাজউদ্দীন আবোল-তাবোল বলছেন: ডেপুটি স্পিকার
রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক এমাজউদ্দীন আহমদ ইতিহাস নিয়ে আবোল-তাবোল বকছেন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া।
বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্রপতি হওয়ার আশায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই উপাচার্য এসব মন্তব্য করেছেন বলেও দাবি করেন আওয়ামী লীগ থেকে নির্বাচিত এই সংসদ সদস্য।
বুধবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় ফজলে রাব্বী বলেন, “প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হয়ে তিনি ইতিহাস নিয়ে বিভ্রান্তিমূলক বক্তব্য দিচ্ছেন। উনার মতো জ্ঞান পাপীরা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে দেশের প্রথম রাষ্ট্রপতি বলতে চান না।
“আসলে এই এমাজউদ্দীন স্বপ্ন দেখেন, বিএনপি কোনো দিন ক্ষমতায় আসলে তিনি রাষ্ট্রপতি হবেন। আর এই কারণেই তিনি ইতিহাস বিকৃতি করছেন। আবোল-তাবোল বকছেন। উল্টা-পাল্টা বক্তব্য দিচ্ছেন।”
আওয়ামী সাংস্কৃতিক পরিষদ নামের সংগঠনের এ আলোচনা সভাfয় ফজলে রাব্বি বলেন “বিএনপি ঘোলা পানিতে মাছ শিকার করে ক্ষমতায় যেতে চায়, যেমনটি করে ক্ষমতা দখল করেছিল জিয়াউর রহমান।”
আলোচনা সভায় বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, সংগঠনের সভাপতি ইসমত কবির গামা, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা।
