শেষ মুহূর্তে পুলিশের অনুমতি, বিএনপির প্রত্যাখ্যান
কর্তৃপক্ষের সাড়া না পেয়ে বিএনপি বার বার তারিখ বদলে আবেদনের কথা জানালেও একেবারে শেষ মুহূর্তে তাদের মঙ্গলবার ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশনে ২৭ শর্তে সমাবেশ করার অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ।
বিএনপি বলছে, সমাবেশের জন্য ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশন ব্যবহারের অনুমতি তারা কখনোই চায়নি। ১৩ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চায় তারা।
‘বিপ্লব ও সংহতি দিবস’ এর অংশ হিসেবে প্রথমে ৭ ও পরে ৮ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি চেয়ে ঢাকা মহানগর পুলিশের কাছে আবেদন করেছিল বিএনপি। কিন্তু পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সোহওরায়ার্দীতে সমাবেশের অনুমতি দেওয়া হবে না।
এরপর ৮ নভেম্বর নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি চেয়ে ফের আবেদন করে বিএনপি।
তাতেও সাড়া না পেয়ে সোমবার বিএনপির পক্ষ থেকে বলা হয়, এক দিন পিছিয়ে ৯ নভেম্বর অনুমতি পেলেও তারা রাজি।
তিনি বলেন, “আমাদের সমাবেশ করতে না দিয়ে সরকার সংবিধান লঙ্ঘন করছে। আমরা আবারও বলতে চাই, আগামী ১৩ নভেম্বর আমাদেরকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দিন। আজ আমরা নতুন করে চিঠি পাঠাব।”
এর কিছুক্ষণের মধ্যে ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিএনপিকে ২৭ টি শর্তে মঙ্গলবার বিকালে ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশনে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে।
পুলিশের পক্ষ থেকে বলা হয়, তারা কেবল সমাবেশের অনুমতি দিচ্ছে, স্থান ব্যবহারের নয়। সেজন্য ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে অনুমতি নিতে হবে।
শর্তে বলা হয়, সমাবেশের কার্যক্রম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশসে সীমাবদ্ধ রাখতে হবে এবং তা শেষ করতে হবে বিকাল সাড়ে ৪টার মধ্য।
শৃঙ্খলা রক্ষায় নিজেদের স্বেচ্ছাসেবক রাখা, সিসি ক্যামেরা ও আর্চওয়ে বসানোর শর্তও দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে।
পুলিশের এই বক্তব্য প্রত্যাখ্যান করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে অন্য কোনো স্থানে বিএনপির সমাবেশ করার অবকাশ নেই। আমাদের মহাসচিব বলেছেন, আগামী ১৩ নভেম্বর রোববার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ হবে। তার এই ঘোষণা যথার্থ। এর বাইরে কোথাও সমাবেশ অথবা আলোচনা সভা করার কোনো সিদ্ধান্ত বিএনপি গ্রহণ করেনি।
রিজভী বলেন, “সোহরাওয়ার্দী উদ্যানে ১৩ নভেম্বরের সমাবেশের ব্যাপারে আইনি প্রক্রিয়া, অর্থাৎ পুলিশকে চিঠি দেওয়া, গণপূর্ত অধিদপ্তরকে চিঠি দেওয়া- এ কাজগুলো আমরা শুরু করেছি। চিঠিগুলো নিয়ে যাওয়া হচ্ছে।”
১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারের নিহত হওয়ার পর সেনাপ্রধানের দায়িত্বে আসেন জিয়াউর রহমান। এরপর মুক্তিযুদ্ধে অন্যতম সেক্টর কমান্ডার খালেদ মোশাররফের নেতৃত্বে সেনাবাহিনীতে একটি অভ্যুত্থান হয়, জিয়া হন গৃহবন্দি।
৭ নভেম্বর মুক্তিযুদ্ধের আরেক সেক্টর কমান্ডার কর্নেল তাহেরের নেতৃত্বে পাল্টা অভ্যুত্থানে আটকাবস্থা থেকে মুক্ত হন জিয়া। এর মধ্য দিয়ে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন তিনি।
বিএনপি এই দিনকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, আওয়ামী লীগ মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস এবং জাসদ সিপাহী-জনতার অভ্যুত্থান দিবস হিসেবে পালন করে।
বিএনপির ঘোষিত কর্মসূচি সামনে রেখে মঙ্গলবার সকাল থেকে নয় পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রাখে পুলিশ। নেতাকর্মীদের সে সময় অফিসে ঢুকতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ করেন বিএনপি নেতারা।
তিনি বলেন, পুলিশ যেভাবে বিএনপি অফিস ঘিরে রেখেছে, তা দেখে তার ‘যুদ্ধক্ষেত্র’ বলে মনে হচ্ছে।
“আমরা অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলতে চাই, বিএনপি দেশের সর্ববৃহৎ একটি রাজনৈতিক দল। আমাদের কর্মসূচি ও কর্মকাণ্ড সম্পূর্ণভাবে গণতান্ত্রিক। আমাদের সংবিধানে সেই অধিকার দেওয়া রয়েছে, আমরা গণতান্ত্রিক কর্মসূচি পালন করতে পারব এবং করব। দুভার্গ্যজনকভাবে এই সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না বলে বাধা প্রদান করছে।”
ঢাকাসহ সারাদেশেই এভাবে বিএনপিকে কর্মসূচি পালনে প্রশাসনিকভাবে বাধা দেওয়া হয়েছে বলে ফখরুল অভিযোগ করেন।
তিনি প্রশ্ন করেন, “আসলে এই ভয়ের কারণটা কী? ৭ নভেম্বর একটা প্রতীকী দিন। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতীক ছিল এই দিনটি। সমাবেশ করতে না দেওয়া সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন।”
অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, আতাউর রহমান ঢালী, হাবিবুর রহমান হাবিব, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কেন্দ্রীয় নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, আবদুস সালাম আজাদ, বেলাল আহমেদ, শহীদুল ইসলাম বাবুল, সাইফুল ইসলাম পটু, আমিরুল ইসলাম সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
