‘আল্লাহও জানে’ আমরা আবেদন দিয়েছি: দুদু
পুলিশ অস্বীকার করলেও বিএনপি নেতা শামসুজ্জামান দুদু বলেছেন, ‘বিপ্লব ও সংহতি’ দিবস উপলক্ষে নয়া পল্টনে সমাবেশের অনুমতির জন্য তাদের আবেদনের কথা ‘আল্লাহও জানেন’।
ডিএমপি কমিশনার বিএনপির কোনো চিঠি না পাওয়ার যে কথা বলেছেন তা বিভ্রান্তি সৃষ্টির ‘অপকৌশল’ বলে মন্তব্য করেন তিনি।
রোববার রাজধানীতে এক আলোচনা সভায় বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, “৭ নভেম্বর আমরা পালন করতে পারি না। পুলিশের কাছ থেকে শুনতে হয়, আমরা আবেদন দেই নাই, আমরা বলি নাই।
“কিন্তু দেশবাসী জানে, আল্লাহও জানে আমরা অ্যাপ্লিকেশন দিয়েছি। আল্লাহও জানেন, আপনারা জানেন না?”
সমাবেশের অনুমতি দেওয়ার অনুরোধ জানিয়ে শামসুজ্জামান দুদু বলেন, “আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, কোনো কিছু বন্ধ কইরেন না। দরজা একটু খুলে দেন। দেশের ভালো হবে, মানুষের ভালো হবে।”
অন্যত্থায় পরিস্থিতি খারাপের দিকে যেতে পারে বলে সতর্ক করে এই বিএনপি নেতা বলেন, “এদেশের মানুষ যদি একবার ঘুরে দাঁড়ায়, আইন প্রতিষ্ঠা করার জন্য যদি বেআইনি কাজ একবার শুরু কইরা দেয়, তাহলে সেটা খুব মর্মান্তিক ঘটনা হবে।”
‘বিপ্লব ও সংহতি দিবস’র কর্মসূচি পালনের জন্য প্রথমে ৭ ও পরে ৮ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি চেয়ে ঢাকা মহানগর পুলিশের কাছে আবেদন করেছিল বিএনপি। কিন্তু পুলিশ সোহরাওয়ার্দীতে সমাবেশের অনুমতি দেয়নি।
পরে ৮ নভেম্বর নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করা হয় বলে শুক্রবার বিকালে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছিলেন।
তবে শনিবার মিরপুর পুলিশ লাইন্সে এক অনুষ্ঠানের পর ঢাকার পুলিশ কমিশনার মো. আছাদুজ্জমান মিয়া সাংবাদিকদের বলেন, তারা বিএনপির কাছ থেকে কোনো ধরনের চিঠি পাননি।
ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে বীরউত্তম শহীদ জিয়া শিক্ষা ও গবেষণা পরিষদের উদ্যোগে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এই আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ।
শামসুজ্জামান দুদু বলেন, “৭ নভেম্বরের চেতনা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ, ৭ নভেম্বরের চেতনা হচ্ছে গণতন্ত্র রক্ত দিয়ে প্রতিষ্ঠা করা একাত্তরের মতো। ৭ নভেম্বর হচ্ছে বাংলাদেশের সেই ঘটনা, যে ঘটনায় বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও শ্রদ্ধার ব্যক্তি একাত্তর থেকে আবার উদ্ভাসিত হয়েছিলেন, তার নাম শহীদ জিয়াউর রহমান।
“ওই দিন যারা খুন করেছে, গুম করেছে, সৈনিক মেরেছে আপনারা খুব তো বলেন। কিন্তু এর যে পরিকল্পনাকারী তাকে পাশে নিয়ে আপনারা মন্ত্রী বানিয়েছেন।”
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি পুনর্ব্যক্ত করে শামসুজ্জামান দুদু বলেন, “শহীদ জিয়াউর রহমান ও বিএনপি কোনো হত্যার রাজনীতি বিশ্বাস করে না। বেগম খালেদা জিয়া ও বিএনপি নির্বাচনে বিশ্বাস করে। আমরা নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগকে পরাজিত করতে চাই, অভ্যুত্থানের মধ্য দিয়ে নয়। সেই সুযোগটা খুব সামনে আমরা দেখতে পারছি।”
সংগঠনের সভাপতি কাজী মনিরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, নির্বাহী কমিটির সদস্য তকদির হোসেন মো. জসিম, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।
