প্রয়োজনে সংলাপ হবে, তবে এখন নয়: হানিফ
পরবর্তী নির্বাচন নিয়ে প্রয়োজন হলে সরকার সকলের সঙ্গে আলোচনা করবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে জেলা হত্যা দিবসের এক আলোচনা সভায় যোগ দিয়ে তিনি পরবর্তী নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির উপর আস্থা রাখতে বিএনপির প্রতি পরামর্শও রাখেন।
হানিফ বলেন, “নিবার্চনী সংলাপ- এটার এই মুহূর্তে দরকার নেই। নির্বাচন হবে ২০১৮ সালের শেষ অথবা উনিশের প্রথম দিকে। সেই নির্বাচনে যাতে সকলেই অংশ নিতে পারে সেজন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনী পদক্ষেপ নেওয়া হবে। প্রয়োজন হলে সকলের সাথে কথাও বলা যাবে।”
নির্বাচন কমিশন গঠন নিয়ে বিএনপিকে ‘উদ্বিগ্ন’ না হওয়ার পরামর্শ দিয়ে এই আওয়ামী লীগ নেতা বলেন, “আশা করি, আপনারা আস্থা রাখবেন, মহামান্য রাষ্ট্রপতি একটা স্বচ্ছ নিবার্চন কমিশন গঠন করবে, এটা সকলের কাছে গ্রহণযোগ্য হবে।”
সকালে বিশ্ববিদ্যালয়ে আরসি মজুমদার মিলনায়তনে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের আয়োজনে এই আলোচনা সভা হয়।
হানিফ বলেন, “জিয়া ক্ষমতা আসার পর ৩রা নভেম্বর কারাগারে জাতীয় চার নেতাকে হত্যা করা হয়। কিন্তু কারা কর্তৃপক্ষ একটি এফআইআর দায়ের করলেও সেটা আলোর মুখ দেখেনি, কেন দেখেনি? এর প্রশ্নের উত্তর বিএনপি দিতে পারবে না।কারণ জিয়া ৩রা নভেম্বর জাতীয় চার নেতার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল, ১৫ অগাস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যাকাণ্ডে জিয়া জড়িত ছিল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামূল হক শামীম, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী ও বাংলাদেশ বার কাউন্সিলের সহ-সভাপতি আবদুল বাসেত মজুমদার।
সভা সঞ্চালনা করে সংগঠনের সাধারণ সম্পাদক সিরাজুল হক আলো।
