নাসিরনগরে ফের হামলার নিন্দা আম্বিয়া-প্রধানের
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুদের মন্দিরসহ বাড়িঘরে হামলার পাঁচদিনের মাথায় আগুন দেওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ একাংশের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান।
শুক্রবার এক বিবৃতিতে এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে স্থানীয় সাংসদ মন্ত্রী ছায়েদুল হকের উসকানিমূলক বক্তব্যের বিষয়ে প্রধানমন্ত্রীকে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তারা।
পাঁচদিন আগে নাসিরনগর উপজেলায় গুজব ছড়িয়ে হিন্দু সম্প্রদায়ের মানুষের উপাসনালয়, ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘরে হামলা-অগ্নিসংযোগ-লুটপাটের ঘটনা ঘটে। তার রেশ কাটতে না কাটতেই গতরাতে আবার একই স্থানে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
নতুন করে নাসিরনগরে সাম্প্রদায়িক হামলার নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধে জাসদ নেতা-কর্মীদের এলাকার শান্তিকামী মানুষের সঙ্গে মিলে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান আম্বিয়া-প্রধান।
সেইসঙ্গে মন্ত্রীর কাছ থেকে তার সাম্প্রদায়িক উসকানিমূলক বক্তব্যের ব্যাখ্যা এবং প্রধানমন্ত্রীকে এ অভিযোগের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান জাসদের সভাপতি-সাধারণ সম্পাদক।
