১০ টাকার চালে হরিলুট: খালেদা
হতদরিদ্রদের জন্য সরকারের ১০ টাকা কেজির চাল আওয়ামী লীগের ‘স্বচ্ছল লোকরা’ ‘হরিলুট’ করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
সরকারি এই চাল বিতরণে অনিয়মের নানা খবর গণমাধ্যমে দেখার প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার এক টুইটার বার্তায় তিনি বলেছেন, এসব শুনে তিনি যুগপৎ ‘লজ্জিত ও স্তম্ভিত’।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৭ সেপ্টেম্বর ‘খাদ্যবান্ধব’ কর্মসূচির আওতায় দেশের ৫০ লাখ পরিবারকে ১০ টাকা কেজিতে চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।
হতদরিদ্র পরিবারগুলো মার্চ, এপ্রিল এবং সেপ্টেম্বর থেকে নভেম্বর- এই পাঁচ মাস ১০ টাকা কেজি দরে মাসে ৩০ কেজি করে চাল কিনতে পারবেন।
এই চাল কালোবাজারি থেকে শুরু করে বিতরণে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। ক্ষমতাসীন দলের স্বচ্ছল নেতারাও হতদরিদ্র হিসেবে নিজেদের নাম তালিকায় উঠিয়ে চাল নিচ্ছেন বলে গণমাধ্যমে খবর এসেছে।
অনিয়ম বন্ধের আহ্বানে মানববন্ধন
খালেদা বলেন, “হতদরিদ্রদের নামে বরাদ্দ করা ১০ টাকা কেজি দরের চাল সারাদেশে আওয়ামী লীগের স্বচ্ছল লোকেরা লুটেপুটে খাওয়ার সংবাদে আমরা লজ্জিত ও স্তম্ভিত।”
নিজে প্রধানমন্ত্রী থাকার সময় হতদরিদ্রের জন্য বিনামূল্যে খয়রাতি সাহায্যের পাশাপাশি কম দামে চাল খোলা বাজারে বিক্রি বা ওএমএস চালু করার কথা বলেন তিনি।
“এখন শুধু কার্ডধারীদের জন্য ১০ টাকা কেজিতে চাল দেওয়ার নিয়ম করে সেই কার্ড শাসক দলের স্বচ্ছল লোকদের হাতে তুলে দেয়া হয়েছে। এতে চলেছে হরিলুট। গরিবরা বঞ্চিত হচ্ছে।
“তাদের মুখের গ্রাস এভাবে কেড়ে নিয়ে লুটে খাওয়ার সুবিধা বিনাভোটের সরকার করে দিয়েছে। আমরা এর নিন্দা জানাই।”
এই চাল বিতরণে অনিয়মের অভিযোগ ওঠার পর কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি গত ৫ অক্টোবর সংসদে বক্তব্যে দেন প্রধানমন্ত্রী।
এরপর আট বিভাগের জন্য আটটি তদন্ত দল গঠন করে অনুসন্ধান চালিয়ে ৪৪ ব্যবসায়ীর ডিলারশিপ বাতিল করে খাদ্য মন্ত্রণালয়।
