২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোনো আপস হবে না: ফখরুল

‘গণতন্ত্র ফিরিয়ে আনার’ প্রশ্নে বিএনপি কোনো আপস করবে না বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2016, 12:51 AM

Updated : 12 Apr 2022, 03:12 AM

সোমবার সন্ধ্যায় এক আলোচনা সভায় তিনি বলেন, “এখন নষ্ট সময় চলছে। চতুর্দিকে ভয়-ভীতি- ত্রাস। এই সরকার দেশের গণতান্ত্রিক যে সম্ভাবনা তাকে বিনষ্ট করে ফেলেছে। মানুষের অধিকারগুলো কেড়ে নিয়েছে। তারা দেশকে এক গভীর গহ্বরের দিকে ঠেলে দিয়েছে।”

এই পরিস্থিতি থেকে উত্তরণে আন্দোলনে অবিচল থাকার প্রত্যয় জানিয়ে ফখরুল বলেন, “আমরা কখনোই কোনো অবস্থাতেই কোনো রকমের কম্প্রোমাইজ করব না, আমাদের এই অধিকার আদায়ের প্রশ্নে। যে গণতন্ত্রকে লুট করে নিয়ে গেছে, প্রয়োজন হলে আমাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও গণতন্ত্রকে আমরা ফিরিয়ে নিয়ে আসবই।”

এই আন্দোলনে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয় মিলনায়তনে গণসংস্কৃতি দলের উদ্যোগে ভাষা সৈনিক অলি আহাদের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা হয়। ২০০২ সালে অলি আহাদ মারা যান,যিনি ২০ দলীয় জোটের শরিক ডেমোক্রেটিক লীগের প্রধান ছিলেন।

বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে বিএনপি মহাসচিব বলেন, “আমরা যখন দেখি যে, কোনো জবাবদিহি ছাড়াই একজন মানুষকে হত্যা করা হয়, যে কারণেই হোক- হয়তবা সে ক্রিমিনাল হতে পারে, হয়তরা সে কোনো জঙ্গি হতে পারে, হয়ত বা সে খুনি আসামি হতে পারে; কিন্তু প্রত্যেকটি মানুষের অধিকার রয়েছে,তার সুষ্ঠু ও ন্যায়বিচারের।

“আমরা দেখছি, সেটা তিরোহিত হয়ে গেছে।”

সংবাদমাধ্যমের ওপর ‘নিয়ন্ত্রণ আরোপের’ পাশাপাশি বিভিন্ন বিষয়ে সোচ্চার শিক্ষক-অধ্যাপকদের মুখ বন্ধ করতে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন ফখরুল।

“তারা ত্রাসের মধ্যে পড়েছেন, তাদের ভয় দেখানো হচ্ছে। তাদের সন্তানদের পর্যন্ত ভয় দেখানো হচ্ছে, তাদের তুলে নিয়ে যাওয়া হবে। এরকম একটা অস্বস্তিকর পরিবেশ বিরাজ করছে,” বলেন তিনি।

সরকার ফলাও করে উন্নয়নের প্রচার করলেও বাস্তব পরিস্থিতি সে রকম নয় বলে দাবি করেছেন মির্জা ফখরুল।

এর পক্ষে দৃষ্টান্ত দিয়ে তিনি বলেছেন, “আমি আজকে যখন এক বন্ধুর বাসা থেকে বেরুচ্ছিলাম,ছোট একটা গলির মধ্যে পাশে একটা ভ্যানের উপরে একজন তরুণ, তার সারা মুখে দাঁড়ি হয়ে গেছে,জামা অপরিষ্কার, সেই ভ্যানটার মধ্যে শুয়ে ঘুমাচ্ছে,অত্যন্ত সুন্দর চেহারা।

“আমি নিশ্চিত হলাম,সে জীবনযুদ্ধে পরাজিত একজন তরুণ। সে এখন গাড়ি চালাচ্ছে। এটাই যদি উন্নতি হয়-সেই উন্নতি কার?

“ফুটপাতের পাশে দেখবেন একটা পলিথিনের কাপড় ছড়িয়ে দিয়ে ওর ভেতরে সংসার,ছেলে-মেয়ে-বউ একটু রান্না করে খাচ্ছে। এটা একটা সমাজ হয়েছে। আমরা বড়াই করছি-বাংলাদেশ মধ্য আয়ের দেশ হয়ে চলেছে।”

অনুষ্ঠনের শুরুতেই অলি আহাদের বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারণ করে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, “যিনি সারাটা জীবন দেশের জন্য উৎসর্গ করেছেন,নিজের জীবনের কথা ভাবেননি। তার মৃত্যুবার্ষিকীতে কোনো পত্রিকায় তাকে নিয়ে লেখা কোথাও আমি দেখিনি। তার ছবিটিও কোথাও প্রকাশিত হয়নি যে,এদিনে এই মহান একজন নেতা এদেশকে নির্মাণ করার জন্য তার সারাটা জীবন উৎসর্গ করেছেন। তাকে একবারও আমরা স্মরণ করিনি-এটা একটা জাতীয় লজ্জা ছাড়া আর কিছু নয়।”

“শুধু অলি আহাদ নয়,যারা আমাদের একটি স্বাধীন দেশ দিয়েছে,অস্তিত্ব দিয়েছে, আমাদের ভবিষ্যৎ নির্মাণ করার সুযোগ করে দিয়েছে,আজকে তাদের আমরা ভুলে যাচ্ছি।”

গণসংস্কৃতি দলের সভাপতি এস আল মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে ভাষা সৈনিক অধ্যাপক আবদুল গফুর,রওশন আরা বাচ্চু,বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য নাজমুল হক নান্নু,সাবেক সাংসদ দেওয়ান মো.সালাউদ্দিন বাবু,ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার,ছড়াকার আবু সালেহ,ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মনি,শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি অধ্যক্ষ সেলিম ভুঁইয়া,তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক কাদের গনি চৌধুরী,প্রয়াত অলি আহাদের মেয়ে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা প্রমুখ বক্তব্য রাখেন।