২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমন গণতন্ত্র, দেখে মানুষ হাসে: ফখরুল

আওয়ামী লীগ আছে বললেও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, গত ১০ বছর ধরেই গণতন্ত্রহীন অবস্থায় চলছে বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জ‌্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2016, 05:43 PM

Updated : 20 Aug 2022, 02:05 PM

দশম সংসদ নির্বাচন ও সংসদের কার্যক্রম, বিরোধীদলীয় নেতা-কর্মীদের আটক করে কারাগারে পাঠানো, কয়েকটি ইন্টারনেট সংবাদপত্র বন্ধ এবং সম্পাদকদের কারাগারে পাঠানোর দিকে ইঙ্গিত করে তার এই বক্তব‌্য।

ফখরুল সরকারের উদ্দেশে বলেন, “সংসদ চালাচ্ছেন, যে সংসদের বিরোধী দলের সাথে বিদেশিরা দেখা করে না। কারণ তারা মনে করে এটা কোনো বিরোধী দল নয়, এটা একটি গৃহপালিত একটা দল।

“তাদের দলের (জাতীয় পার্টি) প্রধান আক্ষেপ করে বলছেন, ‘দেশে গণতন্ত্র নাই, কিচ্ছু নাই, সেজন্য আমাদের সাথে কেউ দেখা পর্যন্ত করে না’। এরকম অবস্থা তৈরি করা হয়েছে যা হাস্যকর। বাংলাদেশের গণতন্ত্র ও সরকারের অবস্থা দেখে মানুষ হাসে।”

শনিবার ঢাকার সেগুন বাগিচায় কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তনে ২০ দলীয় জোটের অন্যতম শরিক লেবার পার্টির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় একথা বলেন ফখরুল।

২০০৭ সালে জারি করা জরুরি অবস্থার অবসানের পর ২০০৮ সালে অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের কাছে হেরে সংসদের বিরোধী দলের আসনে বসে বিএনপি।

২০১৪ সালের নির্বাচন বর্জন করে এখন সংসদের বাইরে বিএনপি। তাতের অনুপস্থিতিতে জাতীয় পার্টি বিরোধী দলের আসনে বসার পাশাপাশি সরকারেও যোগ দিয়েছে।

ফখরুল বলেন, “২০০৬ সাল থেকে আজে ২০১৬ সাল- ১০ বছর এই দেশে গণতন্ত্র নাই। ১০ বছর ধরে এদেশের মানুষের যে মত প্রকাশের স্বাধীনতা আপনারা (সরকার) হরণ করে নিয়েছেন।

“৩৭টি অনলাইন পত্রিকা একদিনে বন্ধ করে দিয়েছেন, একটা কলমের খোঁচায়। সুশীল সমাজের যেসমস্ত বিজ্ঞজনেরা গণতন্ত্রের কথা বলতেন, আপনারা বিভিন্নভাবে হুমকি দিয়ে ত্রাস সৃষ্টি করে, এমনকি তাদের বাচ্চাদেরকে তুলে নিয়ে যাবেন বলে হুমকি দিয়ে তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করছেন।”

আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানসহ অসংখ‌্য বিএনপি নেতা-কর্মীকে কারাবন্দি করার কথাও বলেন তিনি। 

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি পুনরায় তুলে ধরে ফখরুল বলেন, হারের শঙ্কা থেকেই এই নির্বাচনে আসতে চাচ্ছে না আওআমী লীগ।

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন জোরদারে জোটের ঐক‌্য ধরে রাখতে মিত্র রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব।

“সময়টা খুব কঠিন সময়। এ সময়ে কেউ বিভ্রান্ত হবেন না। বিভক্তির কোনো সুযোগ নেই।”

লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে জাতীয় পার্টির (কাজী জাফর) নেতা মোস্তফা জামাল হায়দার, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, এনডিপির চেয়ারম্যান খন্দকার গোলাম মূর্তজা, এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান আজাহারুল ইসলাম, এলডিপির যুগ্ম মহাসচিব সাহাদাত হোসেন সেলিম, লেবার পার্টির মহাসচিব হামদুল্লাহ আল মেহেদি, কেন্দ্রীয় নেতা ফারুক রহমান, আমিনুল ইসলাম রাজু, এমদাদুল হক চৌধুরী, আলাউদ্দিন আলী, শামসুদ্দিন পারভেজ, নুরুল ইসলাম সিয়াম, মাহমুদ খান বক্তব্য রাখেন।