চীনের প্রেসিডেন্টের দর্শন না পেয়ে ক্ষোভ এরশাদের
বাংলাদেশ সফর করে যাওয়া চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতাকে সাক্ষাৎ না দেওয়ার ক্ষোভ জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।
বিএনপিবিহীন সংসদে এরশাদের দল জাতীয় পার্টি প্রধান বিরোধী দলের ভূমিকায় রয়েছে। এরশাদের স্ত্রী ও দলের কো-চেয়ারম্যান রওশন এরশাদ বিরোধী দলের নেতার দায়িত্ব পালন করছেন। এরশাদ নিজেও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হয়েছেন।
চীনের প্রেসিডেন্ট বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করলেও রওশনের সঙ্গে তার সাক্ষাৎ হয়নি। এর মধ্য দিয়ে চীন বাংলাদেশের বিরোধী দল হিসেবে খালেদার দলকেই স্বীকৃতি দিলেন বলে বিএনপি নেতাদের দাবি।
এরশাদ মঙ্গলবার রংপুরে তার বাড়িতে সাংবাদিকদের বলেন, “আমরা যখন ক্ষমতায় ছিলাম তখন চীনের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক ছিল। চীনের প্রেসিডেন্ট সফরে এসে সংসদের বিলোধীদলীয় নেতার সঙ্গে সাক্ষাৎ না করায় আমরা ব্যথিত, আমরা ক্ষুব্ধ।”
সাক্ষাৎ না হওয়ার কারণ খোঁজা হচ্ছে বলে জানান জাতীয় পার্টির চেয়ারম্যান। বিষয়টি জানতে পারলে তা গণমাধ্যমকে জানানো হবে বলে তিনি জানান।
“বিদেশের সরকার প্রধান সফরে এলে তিনি কার কার সঙ্গে সাক্ষাৎ করবেন সে শিডিউল তৈরি করে পররাষ্ট্র মন্ত্রণালয়। কী কারণে বিরোধীদলীয় নেতার সঙ্গে সাক্ষাতের শিডিউল করা হয়নি, সে বিষয়ে আমরা খোঁজখবর নিচ্ছি।”
সাংবাদিকদের সঙ্গে কথায় বর্তমান নির্বাচন কমিশনের তীব্র সমালোচনাও করেন এরশাদ।
তিনি বলেন, “নতুন যে নির্বাচন কমিশন গঠন করা হচ্ছে তা যেন বর্তমান কমিশনের মত মেরুদণ্ডহীন না হয়। সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন কমিশন গঠন করবে সরকার, এটাই প্রত্যাশা করি।”
এরশাদের সঙ্গে রংপুর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোফাজ্জল হোসেন মাস্টার, সদস্য সচিব হোসেন মকবুল শাহরিয়ার আসিফ, মহানগর আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা উপস্থিত ছিলেন।
