২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রামপাল নিয়ে ‘মানুষের কথা’ প্রধানমন্ত্রীকে শুনতে হবে: বি চৌধুরী

রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে ‘দেশের মানুষের কথা’ শুনতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন বিকল্প ধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2016, 09:19 PM

Updated : 11 Oct 2022, 08:50 PM

তিনি বলছেন, তাদের কথা শুনে প্রধানমন্ত্রী কোনো সিদ্ধান্ত দিলে তা জনগণের পক্ষে যাবে।

শুক্রবার রাজধানীতে এক সেমিনারে বি চৌধুরী বলেন, “ভারতে সুন্দরবনের একটা বড় অংশ রয়ে গেছে, তারা তো এই বন নষ্ট করতে চায় না। সেখানে এই প্রকল্প নেই কেন? এই কেন এর উত্তর প্রধানমন্ত্রীকে শুনতে হবে। ভারত কেন বড় বড় দুটি প্রকল্প বাতিল করল, শ্রীলঙ্কা কেন বাতিল করল?

“উদার মন নিয়ে এটাকে বিবেচনার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব। যেহেতু তিনি মাননীয় প্রধানমন্ত্রী, তাকেই এটা বিবেচনা করতে হবে।”

সাবেক রাষ্ট্রপতি বি চৌধুরী বলেন, “সারা দেশের মানুষ কী বলতে চায়, তা প্রধানমন্ত্রীকে শুনতে হবে। বিজ্ঞজনরা কী বলে শুনতে হবে। এই শোনার মধ্য দিয়ে তাকে (প্রধানমন্ত্রী) পরিষ্কারভাবে বুঝতে হবে- দেশের স্বার্থ কী, সেই স্বার্থে কাজ করতে হবে।

Image
এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী (ফাইল ছবি)

এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী (ফাইল ছবি)

“আমি আশা করি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেটা উপলব্ধি করবেন, সব কান কথা দূরে সরিয়ে নিজে সম্পূর্ণ শংকামুক্ত ও নির্ভিক হয়ে তার সিদ্ধান্ত নেবেন। সেই সিদ্ধান্ত অবশ্যই জনগণের পক্ষে যাবে, রামপালের বিদ্যুৎ কেন্দ্রের বিপক্ষে যাবে।”

বিজয় নগরে ‘ফারস’ হোটেলে বিএনপি সমর্থিত নাগরিকদের সংগঠন শত নাগরিকের উদ্যোগে ‘রামপাল কয়লাভিত্তিক ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধের প্রয়োজনীয়তা’ শিরোনামে এই সেমিনার হয়। এতে মূল প্রবন্ধ পাঠ করেন প্রকৌশলী মোহাম্মদ আশরাফ উদ্দিন বকুল।

সুন্দরবন ও রামপাল বিদ্যুৎ প্রকল্প নিয়ে ইউনেস্কোর সাম্প্রতিক প্রতিবেদনের ভাষ্য তুলে ধরে বি চৌধুরী বলেন, “সারা পৃথিবীতে যত ঐতিহ্য আছে, সেটা আফ্রিকার জঙ্গলে হোক, বাংলাদেশে হোক, তা সংরক্ষণে ইউনেস্কো পয়সা খরচ করে। তাদের প্রতিবেদনে বলেছে, এই প্রকল্পে সুন্দরবন ধ্বংস হয়ে যাবে।

“এতো বড় ওয়ার্নিংয়ের পরও বাংলাদেশ সরকার কিছু বলছে না। তারা চালিয়ে যাবেন এই প্রকল্প। এটা অত্যন্ত দুঃখজনক, তার চেয়ে বেশি বেদনাদায়ক। কেন হবে এ রকম?”

বি চৌধুরী বলেন, “কয়েদিন আগে প্রধানমন্ত্রী ভয়েস অব আমেরিকায় এক সাক্ষাৎকারে বলেছেন, বাংলাদেশে প্রচুর গণতন্ত্র। এই প্রচুর গণতন্ত্রের দেশের সাধারণ মানুষের বক্তব্য তো শুনা উচিৎ ছিল।”

সুন্দরবন ধ্বংস হলে একদিন বিচারের কাঠগড়ায় জবাবদিহি করতে হবে মন্তব্য করে তিনি বলেন, “শতবর্ষ পরেও কিন্তু বিচার হয়। বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে এতোদিন পরে। কাজেই কোনোদিন যাতে আমাদের বিচারের কাঠগড়ায় না দাঁড়াতে হয় যে, আমরা সুন্দরবনকে ধ্বংস করে দিয়েছি। আমাদের যুগের পর যুগ, বছরের পর বছর, শতবর্ষ পরে যেন দাঁড়িয়ে না বলতে হয়, আমি বড় ভুল করে ফেলেছিলাম। তখন হাতজোড় করে মাফ চাওয়ার সুযোগও থাকবে না।”

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেন, “রামপালে তাপ বিদ্যুৎ কেন্দ্র হোক-এটাকে আমরা সমর্থন করি না, এটা আমরা চাই না। রামপালে চাই না, তবে বিদ্যুৎ কেন্দ্র চাই।

“যদি প্রশ্ন আসে- আমরা সুন্দরবন চাই না বিদ্যুৎ চাই। আমরা বলব, আমরা সুন্দরবন চাই একশত ভাগ। আমরা অন্ধকারে থাকব, তারপরও সুন্দরবন চাই। কারণ আমরা বাঁচতে চাই। তাই আমি সকলকে বলব, রামপালে বিদ্যুৎ প্রকল্প সরাতে হলে শুধু বক্তব্য দিলে চলবে না, আমাদের সবাইকে দলমত নির্বিশেষে রাস্তায় নামতে হবে।”

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে গণস্বাস্থ্য সংস্থার ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী বলেন, “ আমি বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রীকে বলব- আপনি তো দেশের মঙ্গল চান, রামপালের বিষয়ে সংসদ ভবনে একটি বিতর্ক হোক। তারপর একটা গণভোটের ব্যবস্থা নিন। দেখুন দেশবাসী কী বলে। তাহলেই আপনি জনমত জানতে পারবেন।”

সভাপতির বক্তব্যে সংগঠনের আহ্বায়ক অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ বলেন, “সুন্দরবনসকল ঝড়-ঝপটা, জলোচ্ছ্বাস থেকে দেশের মানুষের জীবন রক্ষায় জাতীয় প্রহরী হিসেবে দায়িত্ব পালন করছে। এই সুন্দরবন কোনোভাবে ক্ষতিগ্রস্ত হোক, এটা কেউ চায় না- এই বার্তাটা আমরা চাই প্রধানমন্ত্রীর কাছে স্পষ্টভাবে যাক।

“সরকারের বিরোধিতার জন্য বলছি না, জাতীয় স্বার্থ সমুন্নত রাখার জন্য সুন্দরবনকে আমাদের জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত সম্পদ হিসেবে আমরা চিহ্নিত করি। এটার কোনোভাবে বিন্দুমাত্র ক্ষতি হোক কেউ চায় না।”

সংগঠনের সদস্য সচিব আবদুল হাই শিকদারের পরিচালনায় আলোচনায় অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ারুল্লাহ চৌধুরী, সাবেক উপ-উপাচার্য অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্সের ভারপ্রাপ্ত সভাপতি আ ন হ আখতার হোসেন, ‘সেইভ দ্য সুন্দরবন’ র সভাপতি শেখ ফরিদুল ইসলাম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান বক্তব্য রাখেন।