খাদিজাকে হামলা ছাত্রলীগে অবক্ষয়ের প্রমাণ: মোশাররফ
সিলেটে কলেজছাত্রী খাদিজা বেগম নার্গিসকে কুপিয়ে আহত করার ঘটনা ছাত্রলীগ নেতাদের মূল্যবোধের চরম অবক্ষয়ের প্রমাণ দেয় বলে মন্তব্য করেছেন খন্দকার মোশাররফ হোসেন।
শুক্রবার রাজধানীতে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, “এই সরকার ভোট ছাড়া সরকার, ভোটারবিহীন একটি সরকার। তাদের সরকারে থাকার নৈতিক কোনো ভিত্তি নাই, অনৈতিকভাবে তারা আছে।
“অনৈতিকভাবে যদি থাকে, তার যারা ফলোয়ার, তাদের কী নৈতিকতার শিক্ষা হবে?”
খাদিজার ওপর হামলা নিয়ে সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “যেখানে উনার (শেখ হাসিনা) ছাত্রলীগের নেতা এই ঘটনা ঘটিয়েছে, সেখানে প্রধানমন্ত্রীর উচিৎ ছিল পার্লামেন্টে দাঁড়িয়ে জাতির সামনে বলা, আমার ছাত্রলীগের নেতাদের মূল্যবোধের চরম অবক্ষয় হয়েছে। জনগণের মূল্যবোধের অবক্ষয় হয় নাই।”
এই ছাত্রী এখন স্কয়ার হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন। অন্যদিকে বদরুলকে হাতেনাতে গ্রেপ্তারের পর বুধবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার সংসদের দ্বাদশ অধিবেশনের সমাপনী বক্তব্যে বদরুলকে বিচারের মুখোমুখি করার কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এমসি কলেজ প্রাঙ্গণে খাদিজাকে কোপানোর দৃশ্য অনেকে মোবাইলে ধারণ করলেও তাকে বাঁচাতে কেউ এগিয়ে না আসায় বিস্ময় প্রকাশ করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, “একটা লোক কোপাচ্ছে আর এতগুলো লোক দেখছে! তারা কি একজোট হয়ে ওই লোকটাকে ধাওয়া দিতে পারত না? তারা কি ওই মেয়েটাকে রক্ষা করতে পারত না?
“কেন এই মানবিক মূল্যবোধগুলো হারিয়ে গেল?”
বক্তব্যে নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়েও কথা বলেন বিএনপি নেতা মোশাররফ হোসেন।
“আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে সকলের কাছে গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য নির্বাচন কমিশন গঠন করতে হবে।”
আগামীতে ২০১৪ সালেল ৫ জানুয়ারির মতো ‘একতরফা’ নির্বাচন করা হলে এর পরিণতি শুভ হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।
সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলে আ স ম হান্নান শাহর ভূমিকার কথা স্মরণ করে খন্দকার মোশাররফ বলেন, “তিনি ছিলেন জাতীয়তাবাদী নেতা, জাতীয়তাবাদী শক্তির স্তম্ভ। যখনই দল বিপদে পড়েছে, হান্নান শাহ সামনে এসে দাঁড়িয়েছে। তার চলে যাওয়ার অভাব সহজে পূরণ হবার নয়।”
বক্তব্যের পরে হান্নান শাহর আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
সংগঠনের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নাল আবেদীন, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক, আইন বিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া বক্তব্য দেন।
