দুবাই থেকে দেশের পথে খালেদা জিয়া
সৌদি আরবে হজ শেষ করে দুবাইয়ে ছেলে তারেক রহমান ও তার স্ত্রী-সন্তানকে বিদায় দিয়ে ঢাকার ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
তাকে বহনকারী অ্যামিরাটস এয়ালাইন্সের ফ্লাইটটি বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় হযরত শাহজালাল বিমান বন্দরে পৌঁছাতে পারে বলে তার সফরসঙ্গী এনামুল হক চৌধুরী জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “দুবাই আন্তর্জাতিক বিমান বন্দরে দুপুর দেড়টায় তারেক রহমান, তার স্ত্রী জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান এবং প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমানকে লন্ডনগামী অ্যামিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে বিদায় দেন ম্যাডাম। এরপর ঢাকাগামী অ্যামিরেটসের ফ্লাইটে তিনি দুবাই ছাড়েন।”
বৃহস্পতিবার ভোরে তারেক রহমানসহ পরিবারের সদস্যদের নিয়ে খালেদা জিয়া অ্যামিরেটস এয়ারলাইন্সের বিমানে করে জেদ্দা ছাড়েন। কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বন্দরে সৌদি আরব শাখা বিএনপির সভাপতি আহমেদ আলী মুকিব ও প্রধান উপদেষ্টা আবদুর রহমানসহ নেতা-কর্মীরা তাদেরকে বিদায় জানান।
দুবাইতে খালেদা জিয়া তিন ঘণ্টা যাত্রাবিরতি করে ফ্লাইট পরিবর্তন করেন।
হজ করার জন্য গত ৮ সেপ্টেম্বর সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন খালেদা জিয়া। কাছাকাছি সময় লন্ডন থেকে যাত্রা করে জেদ্দায় তার সঙ্গে মিলিত হন তারেক রহমান ও তার পরিবারের সদস্যরা। সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলে গ্রেপ্তার হওয়ার পর জামিনে মুক্ত হয়ে চিকিৎসার জন্য দেশ ছেড়ে আর ফেরেননি তারেক রহমান। স্ত্রী, সন্তান নিয়ে যুক্তরাজ্যে অবস্থান করছেন তিনি।
সৌদি আরবে বাদশা সউদ বিন আবদুল আজিজের আমন্ত্রণে রাজকীয় অতিথি হিসেবে খালেদা জিয়া ও তার পরিবারের সদস্যরা হজ করেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।
হজ শেষে গত শনিবার কাবা শরীফে বিদায়ী তাওয়াফ করে বিএনপি চেয়ারপারসনসহ পরিবারের সদস্যরা জেদ্দা থেকে মদিনায় পৌঁছান। এরপর সেখানে হযরত মুহাম্মদ (সা.) রওজা জিয়ারত করেন তিনি।
এবার তৃতীয় দফায় হজ করলেন খালেদা জিয়া। এর আগে ১৯৯১ সালে প্রধানমন্ত্রী থাকাকালে এবং ১৯৯৭ সালে বিরোধী দলীয় নেত্রী থাকার থাকার সময় তিনি হজ করেন।
তবে প্রায় প্রতিবছরই রোজার সময় সৌদি আরব গিয়ে উমরাহ করেন বিএনপি নেত্রী।
তারেক রহমান, তার স্ত্রী জোবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান এবং কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথির এটি প্রথম হজ। ২০১৪ সালে তারা খালেদা জিয়ার সঙ্গে উমরাহ করেন।
বিএনপি চেয়ারপারসনের সঙ্গে তার উপদেষ্টা কাউন্সিলের সদস্য এনামুল হক চৌধুরী, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক শরীফ শাহ কামাল তাজ, একান্ত সচিব আবদুস সাত্তার, আলোকচিত্রী নুরুউদ্দিন আহমেদ ও গৃহকর্মী ফাতেমা বেগম হজ করেন।
জোবাইদা রহমানের মা ইকবাল মান্দ বানু এবং বোন শাহিনা খান জামান বিন্দু ও তার স্বামী সৈয়দ শফিউজ্জামানও এবার হজ করেছেন।
