২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনৈতিক প্রতিহিংসা থেকে জিয়ার পদক প্রত্যাহার: বিএনপি

সরকার রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে জাতীয় জাদুঘর থেকে জিয়াউর রহমানের মরণোত্তর স্বাধীনতা পদক সরিয়ে ফেলেছে অভিযোগ তুলে এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2016, 03:07 PM

Updated : 12 Apr 2022, 02:50 AM

ঘটনার প্রতিবাদে শুক্রবার ঢাকায় ও শনিবার সারাদেশে মহানগর ও জেলায়-জেলায় বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন।

জিয়ার স্বাধীনতা পদক বাতিল করার সমালোচনা করে তিনি বলেন, “গতকাল (বুধবার) জাদুঘর থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ও রণাঙ্গনের বীর সেনাপতি জনগণের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তমের স্বাধীনতা পদক সরিয়ে ফেলার কার্যকলাপ রাজনৈতিক প্রতিহিংসাপ্রসূত। এই সিদ্ধান্তে শুধু জিয়াউর রহমানকে হেয় করা হচ্ছে না, বরং স্বাধীনতা সংগ্রামে যারা অসামান্য অবদান রেখেছেন, তাদের সকলের জন্য চরম অবমননাকর। সরকার এহেন সিদ্ধান্ত নিয়ে প্রমাণ করল যে, সতিকারের মুক্তিযুদ্ধের সঙ্গে তাদের কোনো সম্পর্ক ছিল না।

“আমরা মনে করি, সরকারের এই সিদ্ধান্ত শুধু সংকীর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয়, এটা প্রতিহিংসাপরায়ন, গণবিচ্ছিন্ন ও ঔদ্ধত্যপূর্ণ। এর ফলে স্বাধীনতাপরবর্তী সময়ে পদকপ্রাপ্ত বরণ্য ব্যক্তিবর্গকে অবমাননা করা হচ্ছে।”

জিয়ার স্বাধীনতার পদক ‘কেড়ে নেওয়ার’ সিদ্ধান্তকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের ‘নিকৃষ্টতম সিদ্ধান্ত’ হিসাবে আখ্যায়িত করেন বিএনপি মহাসচিব।

“এটা খারাপ নজির বহন করবে সবসময়। আমরা মনে করি, এহেন গণবিরোধী ও বাংলাদেশের অস্তিত্ববিরোধী সিদ্ধান্ত দেশকে আরও বিভক্ত করবে এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিকে আরও সংকটময় ও জটিল করে তুলবে।”

‘জিয়া ও বাংলাদেশ অবিচ্ছেদ্য’ মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, “স্বাধীনতা যুদ্ধে যারা প্রেসিডেন্ট জিয়ার অবদানকে অস্বীকার করে, শুধুমাত্র আদালতের রায়ের ভিত্তিতে যারা পদক সরিয়ে ফেলে, মাজার (জিয়ার কবর) সরিয়ে ফেলতে চায়, তারাই মূলত স্বাধীনতাবিরোধী। ইতিহাস সাক্ষ্য দেয়, এটা কখনোই ইতিহাসে স্থান পায় না।

“আমরা এই সরকারের এই হীন ও নিকৃষ্টতম কর্মকাণ্ডের তীব্র নিন্দা, ধিক্কার ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে এই স্বাধীনতা পদক যথাস্থানে স্থাপন করার আহ্বান জানাচ্ছি।”

এর প্রতিবাদে শুক্রবার বিকাল ৩টায় জাতীয় প্রেস ক্লাবে বিক্ষোভ সমাবেশে অংশ নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

২০০৩ সালে তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকার আমলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমানকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়।

সরকার সম্প্রতি জিয়াকে দেওয়া রাষ্ট্রের বেসামরিক সর্বোচ্চ সম্মান বাতিলের সিদ্ধান্ত নেয়।

জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ওই সিদ্ধান্তের আলোকে বুধবার জিয়ার পদকটি জাদুঘর থেকে সরিয়ে নেওয়া হয় ।

পঞ্চম সংশোধনী বাতিলের বিষয়ে তৎকালীন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের দেওয়া রায়ের অপব্যাখ্যা দিয়ে সরকার নানা সিদ্ধান্ত নিচ্ছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, “আওয়ামী লীগ আজীবন ক্ষমতায় থাকার জন্য স্বৈরাচারী একনায়কতান্ত্রিক সরকারগুলোর মতোই অবৈধভাবে ক্ষমতার অপব্যবহার করে চলেছে।

“যদি পঞ্চম সংশোধনী অবৈধ হয়, তাহলে পঞ্চদশ সংশোধনীর পূর্বে সকল সরকারের সকল কার্য্কলাপ কী অবৈধ হয় না? পঞ্চম সংশোধনীর বলেই ১৯৮২ সালে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি প্রার্থী বিচারপতি আবদুস সাত্তারের বিপক্ষে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের প্রার্থী ছিলেন, বর্তমানে গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।”

সাবেক সামরিক শাসক এইচএম এরশাদের ক্ষমতাগ্রহণকেও অবৈধ বলে দেওয়া বিচারপতি খায়রুল হকের রায়ের পর্যবেক্ষণের কথা উল্লেখ করে তিনি বলেন, “আওয়ামী লীগের অনৈতিক সরকার শুধু ইতিহাস বিকৃত করছে না, তারা নিজেদের স্বার্থে দেশের সকল স্থিতিশীলতা বিনষ্ট করে স্বেচ্ছাচারিতার চরম নজির স্থাপন করে ভিন্ন রঙের একদলীয় শাসন চাপিয়ে দিচ্ছে জনগণের ওপরে। বহুমত, বহু পথ ও মুক্ত চিন্তাকে কবর দিয়ে ফ্যাসিবাদী একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করছে।”

নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, এজেডএম জাহিদ হোসেন, আহমেদ আজম খান, জয়নাল আবেদীন, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স ও ছাত্র দল সভাপতি রাজীব আহসান উপস্থিত ছিলেন।