২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপিকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র চলছে: খন্দকার মোশাররফ

বিএনপিকে ‘নিশ্চিহ্ন’ করতে ১/১১ সরকারের মতো ‘ষড়যন্ত্র’ চলছে বলে অভিযোগ করেছেন খন্দকার মোশাররফ হোসেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2016, 09:23 PM

Updated : 20 Aug 2022, 01:35 PM

শনিবার বিকালে এক আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য এই অভিযোগ করেন।

তিনি বলেন, “দেশনেত্রী খালেদা জিয়াকে রাজনীতি থেকে মাইনাস করার অংশ হিসেবেই ১/১১ এর সরকার ক্ষমতায় বসেছিল। তারই অংশ হিসেবে ওই সময়ে তারেক রহমানকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে নানাভাবে মামলা-মোকাদ্দমা দেওয়া হয়, নির্যাতন করা হয়।

“তারেক রহমান ষড়যন্ত্রের শিকার, সেই ষড়যন্ত্র এখনো অব্যাহত আছে। তাদের (১/১১ সরকারের) ধারাবাহিকতায় বর্তমান সরকার পরিচালিত হচ্ছে।”

২০০৭ সালের ৭ মার্চ সেনা সমর্থিত তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়।

২০০৮ সালের ৩ মার্চ জামিনে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার পর থেকে তিনি স্বপরিবারে সেখানেই থাকছেন।

রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে বিএনপি।

খন্দকার মোশাররফ বলেন, “আজকে আওয়ামী লীগের প্রতি, স্বৈরাচার সরকারের সরকারের প্রতি জনগণ বিক্ষুব্ধ। দেশে গণতন্ত্রের কোনো স্পেস নেই। সাধারণ মানুষের নিরাপত্তা নেই। জঙ্গি ভয়ে আতঙ্ক জনপদে। গুম-খুন-মামলা-হামলায় দেশের মানুষ জর্জরিত। বর্তমান সরকার সারা বাংলাদেশকে কারাগারে পরিণত করেছে।”

শিগগির তারেক রহমান দেশে ফিরবে জানিয়ে তিনি বলেন, “আমরা বীরের বেশে তাকে দেশে আনতে চাই, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই। শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে এই স্বৈরাচারের পতন ঘটাতে হবে।”

স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস বলেন, “বিভিন্নভাবে একটা একটা ষড়যন্ত্র সৃষ্টি করে সরকার বিএনপিকে দুর্বল করার চেষ্টা করছে। বিএনপিকে সাময়িকভাবে দুর্বল করা যাবে কিন্তু একেবারে শেষ করা যাব না। এই বিএনপি আবার ঘুরে দাঁড়াবে, আবার ক্ষমতায় আসবে।”

আলোচনা সভায় অন‌্যদের মধ‌্যে বক্তব‌্য দেন মোহাম্মদ শাহজাহান, ব্যারিস্টার আমীনুল হক, এজেডএম জাহিদ হোসেন, শামসুজ্জামান দুদু, আহমদে আজম খান, জয়নুল আবেদীন, অধ্যাপক সুকোমল বড়ুয়া, মাহবুবউদ্দিন খোকন, খায়রুল কবীর খোকন।

দলের সহপ্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম ও সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর পরিচালনায় অনুষ্ঠানে সভপতিত্ব করেন ভাইস চেয়ারম্যান হারুন আল রশীদ।