২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হজ নিয়ে ‘তুঘলকি’: বিএনপি

সরকারের অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে ফ্লাইট বাতিলসহ হজ নিয়ে নানা ‘তুঘলকি কাণ্ড’ চলছে বলে অভিযোগ করেছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2016, 02:57 PM

Updated : 12 Apr 2022, 02:42 AM

শনিবার ঢাকায় এক সংবাদ সংবাদ সম্মেলনে গ‌্যাস বিতরণ কোম্পানিগুলো লাভে আছে দাবি করে বিএনপি গ‌্যাসের মূল‌্য বৃদ্ধি মেনে নেবে না বলেও জানান দলটির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।  

সরকারের অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে গতবার হাজিদের নানা দুরাবস্থা দেখতে পেয়েছেন দাবি করে তিনি বলেন, “এবছর শুরু থেকেই এই তুঘলকি কর্মকাণ্ড শুরু হয়েছে। গতকাল পর্যন্ত সরকারের যে ভাষ্য, বেসরকারি বিমান চলাচল মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, এখন পর্যন্ত হাজিদের নিয়ে যাওয়ার ১৫টি ফ্লাইট বাতিল হয়েছে।

“বাতিলকৃত ১৫টি ফ্লাইটে সাত হাজার জনের যাওয়ার কথা ছিল, তারা যেতে পারেননি। পবিত্র হজব্রত পালন তাদের অনিশ্চিত হয়ে পড়েছে। জানি না, আরও কত বড় কেলেঙ্কারি অপেক্ষা করছে দেশবাসীর জন্য। আমরা হাজি সাহেবানদের নিয়ে এহেন ঘটনায় উদ্বিগ্ন ও ক্ষুব্ধ।”

নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে হজ নিয়ে দুর্নীতি, অনিয়ম, অব‌্যবস্থাপনা ‘চূড়ান্ত রূপ পেয়েছে’ বলেও দাবি করেন সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

“আওয়ামী লীগের আমলে হজব্রত পালন নিয়ে অনিয়ম দুর্নীতি অব্যবস্থাপনা এক চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। আমরা দেখেছি, গতবছর ধর্ম মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী, তিনি নিজে মন্ত্রণালয়ের সভায় জোরে-শোরে মাইকের সামনে বলেছিলেন, ওই সময়কার যিনি মন্ত্রণালয়ের সচিব ছিলেন, তিনি একাই নাকী দুর্নীতি করে ১০ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।

“ওই সময় দেখেছি, হাজি সাহেবরা যেতে পারছেন না। তারা রাস্তায় বসে আন্দোলন করছেন, তারা অনশন করেছেন, হাজ ক্যাম্প ঘেরাও করে বসে রয়েছেন- ইত্যাদি ঘটনা আমরা দেখতে পেরেছি।”

গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাবকে ‘অযৌক্তিক’ দাবি করে বিএনপির এই নেতা বলেন, “আমরা তথ্য-উপাত্ত দিয়ে ইতোমধ্যে বলেছি যে, প্রত্যেকটি গ্যাস বিতরণ কোম্পানি লাভজনক পর্যায়ে আছে। তারপরও এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান একটা গণশুনানির করে সতর্কবার্তা দিয়েছেন, গ্যাসের মূল্য বাড়বে, আপনারা সর্তক থাকুন।

“অর্থমন্ত্রী আরও আগ বাড়িয়ে বলেছেন, রান্নার কাজে গ্যাস ব্যবহৃত হবে না, চেচামেচি করে আন্দোলন করে কোনো লাভ হবে না। এই যে মূল্যবৃদ্ধি, ধমক, হুমকি, ভয় দেখানো- এটা সরকারের নিত্যদিনের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে।”

গ‌্যাসের দাম না বাড়ানোর দাবি পুনর্ব‌্যক্ত করে বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, “আমরা আবারও বলছি, গ্যাসের মূল্য বৃদ্ধির কোনো বোঝা জনগণের ওপর চাপিয়ে দিলে সেটা তারা মেনে নেবে না। সঙ্গতকারণে রাজনৈতিক দল বিএনপিও সেটা মেনে নেবে না।”

১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা নিয়ে আওয়ামী লীগ নেতারা ‘মিথ্যাচার’ করছেন বলেও অভিযোগ করেন আলাল।

“ক্ষমতাসীন দলের নেতারা মিথ্যাচার ও অপপ্রচার করছেন শুধু বিএনপিকে আক্রমণ করার জন্য। অথচ ৭৫ সালে বিএনপির জন্মই হয়নি। তাদের নেতাকে অর্থাৎ নিজেদের নেতার লাশ ধানমণ্ডির বাসায় ফেলে রেখে প্রতিযোগিতা করে মন্ত্রিত্বের শপথ নিয়েছিলেন।

“তাদের কথায় জাতির পিতাকে হত্যা করে আবার সেই জাতীয় পতাকা গাড়িতে ব্যবহার করে আওয়ামী লীগের নেতারাই নেতাকে অপমান করেছেন, বিএনপি নয়।”

সংবাদ সম্মেলনে অন‌্যদের মধ‌্যে বিএনপির যুগ্ম মহাসচিব হারুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আইন বিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া, কেন্দ্রীয় নেতা জামাল শরীফ হীরু, কলিম উদ্দিন আহমেদ মিলন, তাইফুল ইসলাম টিপু, মুনির হোসেন, বেলাল আহমেদ, সাইফুল ইসলাম পটু উপস্থিত ছিলেন।

পুরনো খবর:

১০ হজ ফ্লাইট বাতিল, জটিলতায় বিমান