বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফেরাতে কাজ চলছে: মোজাম্মেল
বিদেশে পলাতক বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক শোক সমাবেশে মন্ত্রী বলেন, “বঙ্গবন্ধু হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত যেসব আসামি বিদেশে পলাতক, তাদেরকে দেশে আনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনীতিকরা কাজ করে যাচ্ছেন। আশা করি খুব শিগগিরেই তাদেরকে দেশে এনে রায় কার্যকর করা হবে।”
জাতীয় শোক দিবস উপলক্ষে এই সমাবেশের আয়োজন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।
১৯৭৫ সালের ১৫ অগাস্ট সেনাবাহিনীর একদল কর্মকর্তা ও সৈনিকের হাতে সপরিবারে জীবন দিতে হয় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নায়ক ও তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।
এই হত্যা মামলায় সর্বোচ্চ আদালতের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১২ জনের মধ্যে পাঁচজনের ফাঁসি ২০১০ সালের জানুয়ারি মাসে কার্যকর করা হয়। এরা হলেন- সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান, মুহিউদ্দিন আহমদ (আর্টিলারি), বজলুল হুদা ও একেএম মহিউদ্দিন (ল্যান্সার)।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাকি সাতজনের মধ্যে এম রাশেদ চৌধুরী, এস এইচ এম বি নূর চৌধুরী, আব্দুর রশিদ, শরিফুল হক ডালিম, মোসলেমউদ্দিন ও আব্দুল মাজেদ বিদেশে পালিয়ে আছেন। আর দণ্ডিত আব্দুল আজিজ পাশা পলাতক অবস্থায় জিম্বাবুয়েতে মারা গেছেন।
বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার দিনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উদযাপনেরও সমালোচনা করেন মোজাম্মেল হক।
“খালেদা জিয়ার নিকাহনামা, স্কুল সার্টিফিকেট এবং প্রথম প্রধানমন্ত্রী হওয়ার সময় যে জন্মতারিখ তিনি জাতির সামনে তুলে ধরেছিলেন, কোথাও ১৫ অগাস্ট ছিল না। আমি তার এই ভুয়া জন্মদিন পালনের নিন্দা জানাই।”
যুদ্ধাপরাধী দল হিসেবে জামায়াতে ইসলামের রাজনীতি শিগগিরই নিষিদ্ধ করার কথাও জানান তিনি।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, আওয়ামী লীগের উপ কমিটির সহ-সম্পাদক বলরাম পোদ্দার, শিক্ষক নেতা শাজাহান আলম সাজু প্রমুখ সমাবেশে বক্তব্য দেন।
