সন্ত্রাসী কর্মকাণ্ডের পেছনে বিএনপি: তোফায়েল
বিএনপি জঙ্গিদের পক্ষে ‘ওকালতি’ করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।
‘অবিনশ্বর তুমি পিতা’ শিরোনামে বঙ্গবন্ধুর দুর্লভ আলোকচিত্র এবং প্রামাণ্যচিত্র প্রদর্শনীমূলক অনুষ্ঠানটির আয়োজন করে সুচিন্তা ফাউন্ডেশন।
তোফায়েল আহমেদ বলেন, “বিএনপি নেতারা বলেছেন কল্যাণপুরে নিহতদের সবাই জঙ্গি না। তাদের ভাষ্য অনুযায়ী- এরা যদি জঙ্গি না হয়, তাহলে বিভিন্ন এলাকার হয়েও এরা কীভাবে একই জায়গায় একত্রিত হয়।
“এ জঙ্গিবাদী কর্মকাণ্ডের জন্য যাদের মা-বাবা ছেলেকে স্বীকার করে না। অথচ তাদের পক্ষে ওকলাতি করে বিএনপি।”
বিএনপির কমিটিতে যুদ্ধাপরাধীদের সন্তানদের স্থান দেওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “বিএনপি একদিকে যুদ্ধাপরাধীদের ছেলে ও স্বাধীনতা বিরোধীদের কমিটিতে রাখে, জঙ্গি হামলাকারীদের সমর্থন দেয়। অন্যদিকে জাতীয় ঐক্যের কথা বলে। আসলে এরা জাতীয় ঐক্যের কথা বলে বাঙালি জাতির সঙ্গে উপহাস ও পরিহাস করে।”
প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে মন্তব্য করে বাণিজ্যমন্ত্রী বলেন, “সমগ্র বাংলার মানুষ আজ এক। প্রধানমন্ত্রী বলেছেন, ঘরে ঘরে জঙ্গিবাদবিরোধী দুর্গ গড়ে তুলতে। সেই দুর্গ ইতোমধ্যে গড়ে উঠেছে।”
বিএনপি পেছনে থেকে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
তোফায়েল আহমেদ বলেন, “১৫ আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যাকারী খুনিদের লক্ষ্য ছিল বঙ্গবন্ধুকে হত্যা করতে পারলে পুরো বাংলাদেশকে হত্যা করা হবে। একটি জাতির আশা আকাঙ্ক্ষাকে ও স্বাধীনতার চেতনার মূল্যবোধকে হত্যা করা হবে। কিন্তু জাতির পিতাকে হত্যা করেও সফল হয়নি।”
“আমরা সেদিন অতি দুঃখের মধ্যে থেকেও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতে আওয়ামী লীগের পতাকা তুলে দিয়েছিলাম। তিনি সততা ও দৃঢ়তার সঙ্গে সে পতাকা হাতে নিয়ে বাংলাদেশকে আন্তর্জাতিক বিশ্বে মর্যাদার আসনে অসীন করেছেন।”
সুচিন্তা ফাউন্ডেশনের সভাপতি কানতারা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইমেরিটাস অধ্যাপক ড. এ কে আব্দুল মোমেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. খন্দকার বজলুল হক, ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ।
