২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মধ্যবর্তী নির্বাচনের বিকল্প নেই: অলি

মধ্যবর্তী নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে লিবারেল ডেমোক্রটিক পার্টির নেতা অলি আহমদ বলেছেন, বর্তমান ‘রাজনৈতিক সংকট’ থেকে উত্তরণে এর কোনো বিকল্প নেই।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2016, 04:32 PM

Updated : 11 Oct 2022, 08:36 PM

শনিবার গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অন্যতম শরিক দলটির প্রধান বলেন, “আমাদের দাবি, সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের মাধ্যমে একটি মধ্যবর্তী জাতীয় সংসদ নির্বাচন, যা হবে সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ।

“এর কোনো বিকল্প নাই। আশা করি, এই ব্যাপারে সরকার পদক্ষেপ নেবে। অন্যথায় দেশে স্থিতিশীলতা বজায় রাখা ও জনগণকে আস্থায় নেওয়া সম্ভব হবে না। সংকটও কাটবে না।”

রাজধানীর কারওয়ান বাজারের হোটেল সুন্দরবনে মতবিনিময় সভায় এলডিপিপ্রধান দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি ছাড়াও সরকারের বিভিন্ন উন্নয়নকাজের প্রশংসা এবং সাম্প্রতিক কয়েকটি জঙ্গি হামলার পর ২০ দলীয় জোটের বাইরে বিএনপির ঐক্য গড়ার প্রক্রিয়া নিয়েও কথা বলেন। 

সংঙ্কট থেকে বেরিয়ে আসতে কয়েকটি প্রস্তাবও তুলে ধরেন বিএনপির নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির এক সময়ের সদস্য অলি আহমদ।

অলি আহামদের প্রস্তাব

# দেশে সুশাসন  ও আইনের শাসন প্রতিষ্ঠার পথে সকল প্রকার বাধা দূর করতে হবে।

# দলীয়করণের মনোভাব ও প্রতিহিংসার রাজনীতি বর্জন করতে হবে।

# মানবাধিকার ও মানুষের কথা বলার অধিকার প্রতিষ্ঠা করতে হবে। মিথ্যা প্রচার ও মিথ্য কথা থেকে আমাদের বিরত থাকতে হবে।

# অর্থনৈতিক সংস্কার করতে হবে।

# জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে এবং ঐক্যবদ্ধভাবে দেশের সকল সমস্যার মোকাবেলা করতে হবে।

চাঁদাবাজি, দখল, দুর্নীতির ব্যাপকতা তুলে ধরতে গিয়ে অলি আহমদ কয়েকদিন আগে চট্টগ্রামের মেয়র আ জ ম নাছিরের বক্তব্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ‘দুর্নীতির’ ঘটনা উঠে আসার কথা বলেন।

তিনি বলেন, “কিছু দেশি-বিদেশি স্বার্থান্বেষী মহল জঙ্গিবাদ সৃষ্টির মাধ্যমে আমাদের শিল্প-কলকারখানা ধ্বংসের কাজে লিপ্ত রয়েছে। আবার কখনও কখনও তারা ত্রাণকর্তার ভূমিকায় আবির্ভূত হচ্ছে। জনগণ তাদের সঠিকভাবে চিহ্নিত করতে ভুল করবে না বলে আমি বিশ্বাস করি।”

অনেক বিদেশি নাগরিকের বাংলাদেশে অবৈধভাবে বসবাসের বিষয়ে প্রশ্ন তুলে অলি বলেন, “এরা কারা, কিভাবে বসবাস করছে? তাদের শক্তি কোথায়? এদের মধ্যে হয়ত অনেকে জঙ্গিবাদে অর্থায়ন করছে। সরকার তাদের প্রতি কোনো ব্যবস্থা নিচ্ছে না।”

পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকাণ্ডেরও সমালোচনা করেন সাবেক এই সেনা কর্মকর্তা।

তিনি বলেন, “আজকে এখানে আসার পর আমাকে বলা হলো, একজন পুলিশ অফিসারের সঙ্গে আলাপ করে নাকি আমাকে প্রেস কনফারেন্স করতে হবে। অত্যন্ত দুঃখের বিষয়। নিজের মনে প্রশ্ন জাগে- কেন দেশ স্বাধীন করতে গিয়েছিলাম, কেন জীবন দিতে গিয়েছিলাম।

“আজ দেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করা হয়েছে। পুলিশ অফিসারের অনুমতি নিয়ে প্রেস কনফারেন্স করতে হবে। তাহলে প্রধানমন্ত্রীর উচিৎ সামরিক শাসন জারি করে দেওয়া। তাহলে সব সমস্যার সমাধান হবে।”

সরকারের সফলতার প্রশংসা

অলি আহমদ বলেন, নিঃসন্দেহে সরকার অনেকগুলো ভালো পদক্ষেপও নিয়েছে, কাজও করেছে। যেমন নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ, বড় আকারে বাজেট প্রণয়ন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা, প্রাইভেট ক্রেডিট বিগত চার বছরের চেয়ে বেশি এবং বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি পেয়েছে।

বড় ঐক্যে সন্দিহান

২০ দলীয় জোটকে বাইরে রেখে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জাতীয় ঐক্য সৃষ্টির যে প্রক্রিয়া শুরু করেছেন তার ভবিষ্যৎ সম্পর্কে অভিমত জানতে চাইলে অলি আহামদ জানান, যাদের সঙ্গে ঐক্যের ডাক দেওয়া হয়েছিল বা বা যে বৈঠক হয়েছিল, সেখানে তিনি উপস্থিত ছিলেন না।

“যারা আমাদের ২০ দলের বাইরে আছেন, তাদের সঙ্গে বিএনপির পক্ষ থেকে একাধিবার বৈঠক হয়েছে। বিভিন্ন অজুহাতে তারা ২০ দলের সাথে ঐক্যবদ্ধ হতে অনীহা প্রকাশ করেছেন এবং তারা কয়েকটা দল নিয়ে ড. কামাল হোসেন সাহেবের সাথে একটা জোটও করেছিল।”

“সুতরাং যারা জোটে (২০ দলীয় জোট) আসতে অনীহা প্রকাশ করেছে তারা যে বৃহত্তর ঐক্য করবে, এটা আমি বিশ্বাস করি না। এ নিয়ে আমি সন্দিহান। কারণ অনেকে ধান্ধাবাজ, অনেকে দুর্নীতিবাজ, বিভিন্ন কলা-কৌশল নিয়ে এগোচ্ছে।”

মধ্যবর্তী নির্বাচন হলে এলডিপি জোটবদ্ধ না এককভাবে নির্বাচনে অংশ নেবে- এমন প্রশ্নে তিনি বলেন, আমরা ২০ দলীয় জোটে আছি। জোট এই বিষয়ে সিদ্ধান্ত নেবে।

এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য আবদুল করীম আব্বাসী, আবদুল গনি, কামাল উদ্দিন মোস্তফা, জ‌্যেষ্ঠ যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, যুগ্ম মহাসচিব তমিজউদ্দিন আহমেদ টিটু মতবিনিময়ে ‍উপস্থিত ছিলেন।