২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার সঙ্গে ভারতীয় দূত শ্রিংলার সাক্ষাৎ

ভারতের হাই কমিশনারের দায়িত্ব নিয়ে বাংলাদেশে আসার পর প্রথমবারের মতো বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন হর্ষ বর্ধন শ্রিংলা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2016, 10:33 PM

Updated : 20 Aug 2022, 01:24 PM

মঙ্গলবার রাতে ভারতের পতাকাবাহী কালো রঙের একটি গাড়িতে করে গুলশানে খালেদা জিয়ার  কার্যালয়ে আসেন তিনি। এ সময় ডেপুটি হাই কমিশনার ড. আর্দশ সোয়াইকা, ফাস্ট সেক্রেটারি (রাজনৈতিক) রাজেশ উইকি ও সেকেন্ড সেক্রেটারি মিসেস মনোস্মৃতিও তার সঙ্গে ছিলেন।

মেঘালয়ের শিলংয়ে জন্ম নেওয়া কূটনীতিক হর্ষ বর্ধন শ্রিংলা খালেদা জিয়ার জন্য লাল-সাদা-হলুদ ফুলের একটি তোড়া খালেদা জিয়ার হাতে দেন।

গত জানুয়ারিতে ঢাকায় হাই কমিশনারের দায়িত্ব নেওয়ার পর বিএনপি চেয়ারপারসনের সঙ্গে এটাই শ্রিংলার প্রথম সাক্ষাৎ। এর আগে দশম সংসদ নির্বাচনের আগে ২০১৩ সালের ডিসেম্বরে ভারতের তৎকালীন পররাষ্ট্র সচিব সুজাতা সিংয়ের সঙ্গে ঢাকা এসে খালেদার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তিনি।

রাত ৮টায় থেকে দেড় ঘণ্টাব্যাপী সাক্ষাতে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি, অর্থনৈতিক অবস্থা, ভারত-বাংলাদেশের সম্পর্ক উন্নয়নসহ নানা বিষয়ে আলোচনা হয় বলে বিএনপি নেতারা জানান।

বৈঠকের পর বিএনপি চেয়ারপাসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, “ভারতের নতুন হাই কমিশনার কিছু দিন আগে বাংলাদেশে এসেছেন। তিনি নানা কাজে ব্যস্ত ছিলেন। আজকে উনি বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন।”

একে সৌজন্য সাক্ষাৎ হিসেবে বর্ণনা করে তিনি বলেন, “দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলাপ হয়েছে।”

দেশের রাজনৈতিক পরিস্থিতি কিংবা সন্ত্রাসবাদ দমন নিয়ে আলোচনা হয়েছে কি না জানতে চাইলে সাবেক কূটনীতিক সাবিহ উদ্দিন বলেন, “এটি বেগম খালেদা জিয়ার সঙ্গে হাই কমিশনার হিসেবে তার প্রথম সাক্ষাৎ ও এটি একেবারে সৌজন্য সাক্ষাৎ।”

এদিকে ভারতীয় হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাক্ষাতে ভারত-বাংলাদেশের দ্বিপক্ষীয় সহযোগিতার সাম্প্রতিক উন্নয়ন সম্পর্কে বিএনপি চেয়ারপারসনকে অবহিত করেন হাই কমিশনার।

দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক সহজতর এবং অবকাঠামোগত ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের উপর তিনি গুরুত্ব আরোপ করেন।

এছাড়া সন্ত্রাস ও চরমপন্থার বিরুদ্ধে লড়াইয়ে ভারতের বাংলাদেশের পাশে থাকার কথা জানিয়েছেন শ্রিংলা।

“হাই কমিশনার বলেছেন, ভারত সন্ত্রাসবাদ ও উগ্রবাদের সকল রূপ এবং এর উত্থানকে নিন্দা করে এবং এমন অর্থহীন সহিংসতার কোনো যুক্তি হতে পারে না। তিনি আরও ব্যক্ত করেন যে, ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশ এবং তার সংগ্রামে দৃঢ়ভাবে পাশে আছে,” বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

সাক্ষাতে সাবিহ উদ্দিন ছাড়াও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।