এক ডজন মামলায় খালেদার হাজিরা বুধবার
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নাশকতা, রাষ্ট্রদ্রোহিতা ও দুর্নীতির ১২ মামলায় বুধবার আদালতে হাজিরা দেবেন বলে তার আইনজীবী জানিয়েছেন।
খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
রাজধানীর দারুস সালাম থানার নাশকতার নয়টি মামলা, নাইকো দুর্নীতি মামলা, বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা এবং রাষ্ট্রদ্রোহিতার একটি মামলা রয়েছে এর মধ্যে।
সানাউল্লাহ মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এসব মামলায় আগামীকাল সকালে আদালতে আত্মসমর্পণ করে ম্যাডাম জামিন প্রার্থনা করবেন।”
দারুস সালাম থানার মামলাগুলোর মধ্যে ৪(৩)১৫ এবং ৮(২) ১৫ নম্বর মামলায় গত ১১ মে খালেদা জিয়াসহ বিএনপির ৫১ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।
এরপর গত ২৬ মে ৬(২)১৫ নম্বর মামলায় খালেদা জিয়াসহ ২৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।
গত ২৯ মে খালেদা জিয়াসহ ৫১ আসামির বিরুদ্ধে এ থানার আরও দুটি মামলায় অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
সর্বশেষ গত ৬ জুন ২৯(২)১৫, ৫(২)১৫, ৩১(২)১৫ ও ৬২(১)১৫ নম্বর মামলায় খালেদা জিয়াসহ ১০৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
সবগুলো মামলায় খালেদা জিয়াকে পলাতক দেখিয়ে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়।
এর বাইরে নাইকো, গ্যাটকো, বড় পুকুরিয়া কয়লা খনি, জিয়া চ্যারিটেবল ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগপত্র হয়েছে।
এর মধ্যে নাইকো দুর্নীতি মামলা এবং বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় বুধবার অভিযোগ গঠনের শুনানির তারিখ রয়েছে।
আর আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী মমতাজ উদ্দিন আহমদ মেহেদী গত ২৫ জানুয়ারি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে খালেদার বিরুদ্ধে যে মামলা করেন, তাতে রোববার তার হাজিরার তারিখ রয়েছে।
