২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একুশে অগাস্ট হামলার মামলায় সাক্ষ্যগ্রহণ ‘শেষ পর্যায়ে’

একুশে অগাস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় দুই মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে মামলায় রাষ্ট্রপক্ষের বিশেষ প্রসিকিউশন কাউন্সিল।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2016, 09:16 PM

Updated : 20 Aug 2022, 01:24 PM

প্রসিকিউশন কাউন্সিল বলছে, আসামিপক্ষ গ্রেনেড হামলার দুই মামলার তদন্ত কর্মকর্তা এএসপি মো. ফজলুল কবীর ও তৃতীয় তদন্ত কর্মকর্তা আব্দুল কাহার আকন্দের জেরা শেষ করলেই মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ হবে।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তা ফজলুল কবীর মামলায় রাষ্ট্রপক্ষের ২২৪তম সাক্ষী।

নাজিমউদ্দিন রোডের বিশেষ এজলাসে ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূরউদ্দিনের আদালতে সোমবার এই সাক্ষীর জেরা হয়।

মামলার অন্যতম আসামি মইন উদ্দিনের আইনজীবী এই জেরা করেন।

আর মাত্র তিন আসামির পক্ষে তাকে জেরা করা বাকি রয়েছে। এই তিন আসামি হলেন- আব্দুস সালাম পিন্টু, লুৎফুজ্জামান বাবর এবং মুফতি আব্দুল হান্নান।

রাষ্ট্রপক্ষের প্রসিকিউশন কাউন্সিলের প্রধান আইনজীবী সৈয়দ রেজাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগামী মঙ্গলবার এই তিন আসামির মধ্যে যে কোনো একজনের পক্ষে ফজলুল কবীরকে জেরা করার কথা রয়েছে।

“এ মামলার সাক্ষ্যগ্রহণ শেষের পথে। তবে আসামিদের আইনজীবীদের দৃষ্টিভঙ্গি দ্রুত বিচারের পক্ষে সহায়ক নয়। তারা বার বার বিভিন্ন অজুহাতে জেরা পিছিয়ে দেওয়ার ষড়য্ন্ত্র করছেন।”

এএসপি ফজলুল কবীর মামলায় রাষ্ট্রপক্ষের ২২৪তম সাক্ষী হিসেবে গত ১ জুন সাক্ষ্য দেওয়া শুরু করেন । বিচারক দুই কার্যদিবসে এ সাক্ষীর জবানবন্দি গ্রহণের পর জেরা শুরু হয়।  প্রায় ১৬টি কার্যদিবস ধরে তার জেরা চলছে।

মঙ্গলবার আসামি আব্দুস সালাম পিন্টুর পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন এএসপি ফজলুলকে জেরা করার কথা রয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের আরেক আইনজীবী আবু আবদুল্লাহ ভূইয়া।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মামলার তৃতীয় তদন্ত কর্মকর্তা আব্দুল কাহার আকন্দের জেরা হলেই মনে করছি যে, এ মামলার রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণের ইতি টানবো।

“পরে আসামিদের আত্মপক্ষ সমর্থনের সময় তারা যদি তাদের পক্ষে সাফাই সাক্ষ্য হাজির করে তবে সেটাও চলবে।”

সিআইডির বিশেষ জ্যেষ্ঠ সুপার আব্দুল কাহার আকন্দের জবানবন্দি ও জেরা শেষ হলে মামলায় রাষ্ট্রপক্ষের ২২৫তম জনের সাক্ষ্যগ্রহণ শেষ হবে।

মামলায় আসামি খালেদা জিয়ার ভাগ্নে লেফটেন্যান্ট কমান্ডার (অব.) সাইফুল ইসলাম ডিউক, সাবেক আইজিপি মো. আশরাফুল হুদা, শহিদুল হক ও খোদা বক্স চৌধুরী এবং মামলার তিন তদন্ত কর্মকর্তা সাবেক বিশেষ পুলিশ সুপার রুহুল আমিন, সিআইডির সিনিয়র এএসপি মুন্সি আতিকুর রহমান, এএসপি আব্দুর রশীদ ও সাবেক ওয়ার্ড কমিশনার আরিফুল ইসলাম জামিনে রয়েছেন।

অন্যদিকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, হুজি নেতা মুফতি আব্দুল হান্নানসহ ২৫ জন কারাগারে এবং বিএনপির চেয়ারপারসনের বড় ছেলে তারেক রহমানসহ ১৯ জন পলাতক।