সাকাপুত্রের জন্য বিএনপির উদ্বেগ
যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরীকে ‘আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া হয়েছে’ অভিযোগ করে প্রতিবাদ জানিয়েছে বিএনপি।
শুক্রবার দলীয় প্যাডে এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “বিরোধী দলীয় নেতা-কর্মীসহ সাধারণ মানুষকে গ্রেপ্তারের যে হিড়িক চলছে, তাতে এ কথা সন্দেহাতীতভাবে বলা যায় যে, সরকার তাদের প্রতিহিংসা চরিতার্থ করতে মরিয়া হয়ে উঠেছে।
“সালাহউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরীকে আদালত চত্বর থেকে ডিবি পরিচয়ে উঠিয়ে নিয়ে যাওয়া তারই বহিঃপ্রকাশ। এহেন ঘটনায় আমি উদ্বিগ্ন।”
ট্রাইব্যুনালে সালাউদ্দিন কাদের চৌধুরীর রায় ফাঁসের মামলায় যুক্তিতর্কের শুনানিতে হাজির হতে হুম্মাম বৃহস্পতিবার আদালতে গেলে ঢাকা মহানগর দায়রা জজ আদালত ভবনের নিচ থেকে ‘ডিবি পুলিশ পরিচয়ে’ তাকে তুলে নিয়ে যাওয়া হয় বলে তার আইনজীবীর অভিযোগ।
হুম্মামকে মিন্টো রোডের গোয়েন্দা পুলিশ কার্যালয়ে রাখা হয়েছে বলে তার আইনজীবীরা দাবি করলেও পুলিশ তা স্বীকার করেনি।
ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) মো. মাসুদুর রহমান বৃহস্পতিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হুম্মাম পুলিশ হেফাজতে নেই।”
ফখরুল তার বিবৃতিতে বলেন, “আদালত চত্বর থেকে কাউকে গ্রেপ্তার বা আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে উঠিয়ে নিয়ে যাওয়া একদিকে বিধি-বিধান বহির্ভূত, অন্যদিকে আইনের শাসনের চরম অবনতি। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”
হুম্মাম কাদের চৌধুরীর ‘নিঃশর্ত’ মুক্তি দাবি করেন বিএনপি মহাসচিব।
একাত্তরের যুদ্ধাপরাধের দায়ে ২০১৩ সালের ১ অক্টোবর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাকা চৌধুরীর ফাঁসির রায় দেয় ট্রাইব্যুনাল। তার আপিল ও রিভিউ খারিজ হয়ে যাওয়ার পর গত বছর ২১ নভেম্বর তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
