এমাজউদ্দীনের মত ‘ব্যক্তিগত’: ফখরুল
জঙ্গিবাদবিরোধী ঐক্যে জামায়াতে ইসলামীকে বাদ রাখতে খালেদা জিয়া চাইছেন বলে অধ্যাপক এমাজউদ্দীন আহমদের বক্তব্য নাকচ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সেটা অধ্যাপক এমাজউদ্দীনের ‘ব্যক্তিগত মত’ বলে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেছেন তিনি।
মঙ্গলবার কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত এক মতবিনিময় সভায় এমাজউদ্দীন বলেছিলেন, “দেশের যে অবস্থা, তাতে জাতীয় ঐক্য করতে একটি রাজনৈতিক দলই বড় প্রতিবন্ধকতা বলে মনে হয়।
“জনগণের যে বিরোধী দল, সেই দলের নেত্রী বেগম খালেদা জিয়া তো সিদ্ধান্ত নিয়েছেন ২০ দলের মধ্যে এই দলটিকে আর ওইভাবে রাখার কোনো প্রয়োজন নেই।”
জোটসঙ্গী জামায়াতকে নিয়ে বিষয়ে খালেদা জিয়ার পরামর্শকের এই বক্তব্যে রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনার সৃষ্টি হয়।
এরপর অধ্যাপক এমাজউদ্দীন আগের বক্তব্য থেকে সরে এসে বলেন, “আমি এ ধরনের কথা বলিনি। আমার বক্তব্যকে বিকৃত করে প্রচার করা হচ্ছে। এতে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। আমি বলেছি, সন্ত্রাস-জঙ্গিবাদ দমনে দলমত নির্বিশেষে জাতীয় ঐক্যের প্রয়োজন। এখানে জামায়াত কোনো বিষয় নয়।”
বুধবার নয়া পল্টনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকরা বিএনপি চেয়ারপারসনের পরামর্শক অধ্যাপক এমাজউদ্দীনের বক্তব্যের বিষয়ে জানতে চান দলটির মহাসচিব ফখরুলের কাছে।
উত্তরে বিএনপি মহাসচিব বলেন, “এটা হচ্ছে সম্পূর্ণভাবে তার ব্যক্তিগত মতামত। অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ সাহেব গতকাল একটা রিজয়েন্ডারও দিয়েছেন, তার ব্যাখ্যা আছে সেখানে।”
গুলশান-শোলাকিয়ায় হামলার পর জঙ্গিবাদ বিরোধী জাতীয় ঐক্য গঠনে খালেদা জিয়ার প্রস্তাব আওয়ামী লীগ নাকচ করার পর জামায়াতের সঙ্গ ছাড়ার বিষয়টি বিএনপির মধ্যেই আলোচনায় আসে।
সম্প্রতি জাফরুল্লাহ চৌধুরী এই আহ্বান জানালে খালেদা জিয়া রাজনৈতিক কারণে সেই আহ্বান গ্রহণ করতে পারছেন না বলে জানান।
এরপর আরেকটি বৈঠকে জাফরুল্লাহর সঙ্গে ব্যারিস্টার রফিক-উল হকও একই আহ্বান জানান।
এরপর অন্য রাজনৈতিক দলগুলোকে নিয়ে জঙ্গিবাদবিরোধী জাতীয় ঐক্য গড়ার প্রক্রিয়ায় জামায়াতকে বাদ রাখার পরিকল্পনা চলছে বলে বিএনপির নেতাদের মধ্য থেকেই ইঙ্গিত মিলেছে।
জামায়াত থাকলে অনেক দল আসবে না বলে আলোচনার বিষয়ে ফখরুল বলেন, “এসব আপনাদের (সাংবাদিক) প্রেডিকশন (অনুমান)। আমরা জাতীয় ঐক্যের ডাক দিয়েছি বাস্তবতার প্রেক্ষিতে, সেই বাস্তবতায় আমরা অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলতে শুরু করেছি।
“এই জাতীয় ঐক্য আহ্বান করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবস্থান থেকে। তিনি সাবেক প্রধানমন্ত্রী ছিলেন, বিরোধীদলীয় নেত্রী ছিলেন, তার যে জাতীয় দায়িত্ব, তার থেকে এই আহ্বান তিনি জানিয়েছেন। এই আহ্বানে সাড়া দেওয়ার জন্য আমরা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে প্রাথমিক আলোচনা শুরু করেছি।”
“যখন এটা ফলপ্রসূ হবে আপনাদের জানাব,” বলেন বিএনপি মহাসচিব।
