২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গি দমনের নামে ‘ঢালাও’ গ্রেপ্তার হচ্ছে: নোমান

জঙ্গি দমনের নামে দেশে ‘ঢালাওভাবে’ গ্রেপ্তার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমান।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2016, 10:56 PM

Updated : 20 Aug 2022, 01:21 PM

দেশে ‘জরুরি অবস্থা’ চলছে কি না সে প্রশ্নও তুলেছেন তিনি।

মঙ্গলবার বিকালে এক সমাবেশে বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, “আজকে প্রায় ১২ হাজার বিভিন্ন পর্যায়ের নাগরিক, অনেকে রাজনীতিতে আছে, অনেকে রাজনীতিতে নাই, সাধারণ মানুষ তারা কারাগারে।

“তাদের অপরাধ কী তা তারা জানে না। আমরা পত্র-পত্রিকায় দেখছি, প্রতিদিন ‘রেইড’ করে করে গত এক সপ্তাহে বিভিন্ন ধরনের লোকজনকে ধরা হয়েছে। সেই সংখ্যা তারাই (আইনশৃঙ্খলা বাহিনী) দিয়েছেন।”

‘আজকে দেশে কি জরুরি অবস্থা?’- প্রশ্ন করে নোমান বলেন, “জরুরি অবস্থা যদি হয়ে থাকে, তাহলে কেরানীগঞ্জে নতুন যে কারাগার হয়েছে, সেই কারাগারেও মানুষ ভর্তি করে তাদের এই সন্ত্রাসবাদী কার্যক্রম, তাদের যে ষড়যন্ত্র, আমাদের যে নেতা-কর্মীদের গ্রেপ্তার- সেটা শেষ করতে পারবে না।”

সরকারের উদ্দেশ্যে আবদুল্লাহ আল নোমান বলেন, “অবিলম্বে দেশের সমস্যার সমাধান কর, জাতীয় ঐক্য প্রতিষ্ঠা কর। জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করে এই ধরনের অবস্থা থেকে যদি জনগণকে পরিত্রাণ না দেওয়া যায়, তাহলে ক্ষমতা ছেড়ে দাও। একটা কিছু করতে হবে।

“না হলে এভাবে দেশ চলে না। এভাবে জঙ্গির কথা বলে রাজনৈতিক কর্মীদের হয়রানি করা চলবে না।”

বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের মুদ্রাপাচার মামলায় দণ্ডের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে এই সমাবেশ হয়।

নোমান বলেন, “তারেক রহমানের বিরুদ্ধে এই মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক। আমরা এর প্রতিবাদ করছি। আমরা বলতে চাই- এটা অন্যায়, অবিচার ও বেআইনি কর্মকাণ্ড।

“শেখ হাসিনার উদ্দেশ্য হচ্ছে- বাংলাদেশের রাজনীতি থেকে আমাদের নেতা তারেক রহমানকে বিচ্ছিন্ন করে ফেলা। তিনি যাতে দেশে আসতে না পারেন। তিনি সুস্থ হলে বাংলাদেশে আসবেন, আসলে দেশে গণজোয়ার সৃষ্টি হবে, লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামবে- এর ভয়ে তারা (সরকার) কোনোভাবে চায় না জনাব তারেক রহমান বাংলাদেশে আসুক।”

এই আলোচনা সভায় শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিমসহ শ্রমিক দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।