২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নয়া পল্টন থেকে বিএনপির সহ দপ্তর সম্পাদকসহ আটক ১১

মুদ্রা পাচার মামলায় হাই কোর্টে তারেক রহমানের রায় ঘোষণার আগে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুসহ ১১ জনকে আটক করেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2016, 12:04 PM

Updated : 20 Aug 2022, 01:15 PM

বৃহস্পতিবার সকাল পৌনে ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে তাদের আটক করে পুলিশ নিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শী বিএনপিকর্মী শামীম জামানের ভাষ্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “প্রথমে চারজনকে পুলিশ নিয়ে যায়। এরপর টিপু ভাই আসলে তাকেও আটক করা হয় কয়েকজন কর্মীসহ।”

বিএনপি অফিসের সামনে কর্তব্যরত পুলিশ সদস্যরা বলছেন, আটকদের পল্টন মডেল থানায় নিয়ে যাওয়া হয়েছে।

থানার ওসি মোরশেদ আলম কয়েকজন বিএনপিকর্মীকে আটকের কথা স্বীকার করলেও তাদের নাম বলেননি।

তারেকের মামলার রায় ঘোষণার তারিখ থাকায় সকাল থেকেই নয়া পল্টনের ওই কার্যালয়ের প্রবেশপথে পুলিশ সদস্যদের ব্যারিকেড দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

ঘুষ হিসেবে আদায়ের পর ২০ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে দুদকের করা এ মামলায় নিম্ন আদালতের খালাসের রায় বাতিল করে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে সাত বছরের কারাদণ্ড ও ২০ কোটি টাকার অর্থদণ্ড দিয়েছে হাই কোর্ট।

সেই সঙ্গে তারেকের বন্ধু ও ব্যবসায়িক অংশীদর গিয়াসউদ্দিন আল মামুনের সাত বছরের কারাদণ্ডও বহাল রাখা হয়েছে। তবে তাকে বিচারিক আদালতের দেওয়া ৪০ কোটি টাকা অর্থদণ্ড কমিয়ে ২০ কোটি টাকা করা হয়েছে।

মামুনের আপিল খারিজ এবং দুদকের আপিল মঞ্জুর করে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের হাই কোর্ট বেঞ্চ বৃহস্পতিবার আলোচিত এ মামলার রায় ঘোষণা করে।