১৪ দল দিয়ে জাতীয় ঐক্য কীভাবে: বিএনপি
প্রধানমন্ত্রী যে জাতীয় ঐক্যের কথা বলেছেন তাকে ‘১৪ দলীয় জোটের ঐক্য’ আখ্যায়িত করে শেখ হাসিনার বক্তব্য নিয়ে প্রশ্ন তুলেছে ২০ দলীয় জোটের প্রধান শরিক বিএনপি।
খালেদা জিয়ার জাতীয় ঐক্যের ডাক নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে সোমবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপি নেতা নজরুল ইসলাম খান বলেন, “প্রধানমন্ত্রী যে ঐক্যের কথা বলেছেন, তা সরকারে আসীন দলগুলোর, এমনকি মহাজোটেরও ঐক্য নয়। আর বিএনপিসহ অপরাপর রাজনৈতিক দলকে বাদ দিয়ে শুধু ক্ষমতাসীন ১৪ দলীয় ঐক্য প্রক্রিয়াকে কীভাবে প্রধানমন্ত্রী জাতীয় ঐক্য বললেন?”
গুলশানে জঙ্গি হামলার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সন্ত্রাসবাদবিরোধী জাতীয় ঐক্য গড়ার ডাক দেন। তবে বিএনপি-জামায়াতকে ‘সন্ত্রাসী ও যুদ্ধাপরাধীদের’ দল হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী তাদের সঙ্গে ঐক্যের প্রস্তাব নাকচ করে বলেছেন, দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী জাতীয় ঐক্য ‘ইতোমধ্যে সৃষ্টি হয়ে গেছে’।
নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সন্ত্রাস ও উগ্রবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরে আবারও সরকারকে সেই ডাকে সাড়া দেওয়ার আহ্বান জানান দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল।
“এরপরও আমরা আহ্বান জানাব, রাজনৈতিক প্রতিহিংসা বা ব্লেইম গেইম নয়, দেশের নিরাপত্তা ও ভাবমূর্তি, জননিরাপত্তার স্বার্থে পরিস্থিতির গুরুত্ব ও জনআকাঙ্ক্ষা অনুধাবন করে দল-মত নির্বিশেষে জাতীয় ঐক্য সৃষ্টি করে দেশ ও জাতিকে অনিশ্চিত ভবিষ্যত থেকে রক্ষা করুন।
“আমরা মনে করি, শুধুই বিরোধী দলের ঐক্য কিংবা শুধুই সরকারের তার দল বা জোটের ঐক্য- এই সংকট সমাধানের জন্য যথেষ্ট নয়। সকলের সম্মিলিত ঐক্য এই ধরনের সংকট সমাধানের মূল উপায়। কারণ সমস্যাটা বিস্তৃত হয়ে গেছে। আজকে গ্রাম থেকে শহর, বন্দর থেকে গঞ্জ কোথাও কেউ নিরাপদ বোধ করছে না।”
প্রধানমন্ত্রী নাকচ করলেও বিএনপির পক্ষ থেকে জাতীয় ঐক্যের ডাক থাকবেই জানিয়ে দলটির এই নেতা বলেন, “সরকার এখন রাজি হয় নাই, গতকাল রাজি হয় নাই, আগামীকাল রাজি হতে পারে। আমরা বলতেই থাকব, বসে থাকবো না। আমরা আমাদের কাজ করতে থাকব।”
সেই সঙ্গে বিএনপি-জামায়াতকে ইঙ্গিত করে তিনি বলেন, যারা ‘পুড়িয়ে মানুষ মারে, অথবা যুদ্ধাপরাধ করে’, তাদের ‘কথা আলাদা’।
“যাদের ঐক্য হলে সত্যিকারভাবে সন্ত্রাস দূর করা যাবে, তাদের ঐক্য কিন্তু ঠিকই গড়ে উঠেছে এবং এই ঐক্য থাকবে। এটা হল বাস্তব,” বলেন শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপি নেতা নজরুল আরও বলেন, “শুধুক্ষমতাসীনদের ঐক্য সন্ত্রাস ও উগ্রবাদ দমন করতে পারেনি, বরং তা বৃদ্ধি ও বিস্তৃত করেছে। শুধু সব দল-মতের কার্য্কর ঐক্য তা হ্রাস, সংকুচিত ও নিঃশেষ করতে পারবে।”
জাতীয় ঐক্যের অংশ হিসেবে সরকার তৃনমূলে কমিটি গঠন শুরু করেছে বলে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, “তৃণমূলে যে কমিটি হবে, সেটা তো তাদেরই কমিটি হবে। আমরা বলতে চাই যে, শুধু তারা (সরকার) পারবে না, শুধু আমরাও পারব না। সবাই মিলে পারব। জনগণের সর্বাত্মক ঐক্যই এটা প্রতিরোধ করতে পারে।”
প্রধানমন্ত্রী প্রস্তাব নাকচ করলেও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়তে বিএনপি বিভিন্ন পেশার মানুষের সঙ্গে আলোচনার ভিত্তিতে ‘যা দরকার তা করবে’ বলে জানান নজরুল ইসলাম খান।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, কেন্দ্রীয় নেতা আবুল খায়ের ভুঁইয়া, আবদুস সালাম আজাদ ও শহিদুল ইসলাম বাবুল উপস্থিত ছিলেন।
