২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গিবাদের পেছনে ইসলামবিরোধী শক্তি: যুবলীগ চেয়ারম্যান

ধর্মীয় অপব্যাখ্যায় বিভ্রান্ত করে ইসলামবিরোধী শক্তি পরিকল্পিতভাবে ধর্মীয় উগ্রবাদের জন্ম দিচ্ছে বলে দাবি করেছেন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2016, 05:21 PM

Updated : 12 Apr 2022, 02:25 AM

গুলশান ও শোলাকিয়ায় হামলার প্রেক্ষাপটে ১৪ দলের ডাকা জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদবিরোধী সমাবেশ সফলের লক্ষ্যে রোববার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে এক সভায় একথা বলেন তিনি।

যুবলীগ চেয়ারম্যান বলেন, “বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি ও এগিয়ে চলাকে থামিয়ে দেওয়ার দুরভিসন্ধি বাস্তবায়নের জন্য উঠতি বয়সী কোমলমতি তরুণদের ধর্মীয় অপব্যাখ্যায় বিভ্রান্ত করে জঙ্গি বানিয়ে তাদেরকে মরণের দিকে ঠেলে দিচ্ছে।

“ইসলামবিরোধী শক্তি পরিকল্পিতভাবে কাঁটা দিয়ে কাঁটা তোলার নীতিতে এই ধর্মীয় উগ্রবাদের জন্ম দিয়েছে। এই পথ থেকে বিভ্রান্ত তরুণদের ফিরিয়ে আনতে হবে।”

সভায় ওমর ফারুক বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে গণসচেতনতা তৈরিতে ১৬ জুলাই বাংলাদেশের সব উপজেলা এবং ২০ জুলাই সব জেলা শহরে সমাবেশ করবে তার সংগঠন।

যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণ শাখার এই সভায় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, সভাপতিমণ্ডলীর সদস্য শহীদ সেরনিয়াবাত, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা।