জঙ্গিবাদের পরিচর্যায় হাসিনা: রিজভী
জঙ্গি দমনে দেশব্যাপী সাঁড়াশি অভিযান চালিয়ে সরকার ‘প্রকৃত অপরাধীদের’ আড়াল করছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী।
বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে দলের এই জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, “নির্মম সত্য হলো- শেখ হাসিনা শুধু গণতন্ত্রকেই ঘৃণা করেন তা নয়, নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য তিনি দেশব্যাপী জঙ্গিবাদের পরিচর্যা করেন। সেজন্য তারা (জঙ্গিরা) নির্দয় হত্যালীলা চালাচ্ছে, দাপিয়ে বেড়াচ্ছে।
“শেখ হাসিনার আর্শিবাদে এদেশে জঙ্গিবাদের উত্থান ঘটেছে; এখন দেশব্যাপী সাঁড়াশি অভিযানের নামে গণগ্রেপ্তার ও বন্দুকযুদ্ধের নামে মানুষ হত্যার মূল উদ্দেশ্য হচ্ছে- মানুষের মনে জঙ্গিবাদ নিয়ে ঘন কুয়াশা সৃষ্টি করা, প্রকৃত অপরাধীদের ধরা নয়।”
গত এক বছরে সন্দেহভাজন জঙ্গি হামলায় লেখক, অনলাইন অ্যাক্টিভিস্ট, বিদেশি, ধর্মীয় স্থান লক্ষ্য করে হামলার পর ৫ জুন চট্টগ্রামে এক পুলিশ কর্মকর্তার স্ত্রী খুনের পর ‘সাঁড়াশি অভিযান’ শুরু করে পুলিশ।
পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গত পাঁচ দিনের অভিযানে সারাদেশে মোট ১৬৬ জন জঙ্গি গ্রেপ্তার করা হয়েছে। গত চারদিনে মোট গ্রেপ্তারের সংখ্যা ১১ হাজার ৩০৭ জন। এদের মধ্যে পরোয়ানাভুক্ত আসামির সঙ্গে অস্ত্র, মাদক ও অন্যান্য মামলার আসামিও রয়েছে।
‘অভিযানে’ এ পর্যন্ত বিএনপি ও এর অঙ্গসংগঠনের আড়াই হাজারের বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেন রিজভী।
তিনি বলেন, “জঙ্গি অভিযানের নামে সরকার মূলত বিএনপিসহ অন্যান্য বিরোধী দলকেই টার্গেট করেছে। জঙ্গি আটকের বিভ্রান্তি ছড়িয়ে তারা হাজার হাজার সাধারণ মানুষকে হয়রানি করছে।”
নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন ডাকা হয়।
এতে ভোলা, ব্রাহ্মণবাড়ীয়া, কুমিল্লা, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জসহ বিভিন্ন স্থানে বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তারের তালিকা তুলে ধরা হয়।
রিজভী বলেন, “আমাদের জানা মতে সারাদেশে জঙ্গিদের গ্রেপ্তারের নামে এই পর্যন্ত সাড়ে ১২ হাজারে মানুষজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে সাধারণ ও নিরীহ মানুষের সংখ্যা অসংখ্য।
“পুলিশ দেড়শর কাছাকাছি সন্দেহভাজন জঙ্গি গ্রেপ্তারের কথা বললেও প্রকৃত অপরাধ সংঘটনকারীদের ধরতে পেরেছে কিনা তা নিশ্চিত করতে পারেনি।”
ঈদের প্রাক্কালে পুলিশের ‘গ্রেপ্তার বাণিজ্যকে’ ‘রমরমা’ করতে এই গণগ্রেপ্তার চলছে বলেও অভিযোগ করেন বিএনপি নেতা রিজভী।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে দলের যুগ্ম সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সহ সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সাখাওয়াত হোসেন জীবন প্রমুখ উপস্থিত ছিলেন।
