২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে ২ আসনে উপনির্বাচন: আ. লীগের মনোনয়ন ফরম বিতরণ শুরু

ময়মনসিংহের দুটি শূন্য আসনে উপ-নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের জন্য ফরম বিতরণ শুরু করেছে আওয়ামী লীগ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2016, 04:13 PM

Updated : 20 Aug 2022, 12:58 PM

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকিরের মৃত্যুতে আসন দুটি খালি হয়।

মঙ্গলবার ও বুধবার সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ধানমণ্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে পঁচিশ হাজার টাকা জমা দিয়ে মনোনয়ন প্রত্যাশীরা ফরম নিতে পারবেন বলে দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ময়মনসিংহ-১ ও ময়মনসিংহ-৩ আসনের উপ-নির্বাচনে দলের মনোনয়ন প্রত্যাশীদের ফরম পুরণ করে বৃহস্পতিবার দুপুর ২টা মধ্যে জমা দিতে হবে।

এদিকে মঙ্গলবার বিকালে গণভবনে আওয়ামী লীগের পার্লামেন্টারি বোর্ডের এক বৈঠকের পর সোবহান গোলাপ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার বিকালে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নিয়েই প্রার্থী চূড়ান্ত করা হবে।

বৃহস্পতিবার নির্বাচন কমিশন এই দুই আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে। আগ্রহী প্রার্থীরা ২০ জুন পর্যন্ত রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন দাখিল করতে পারবেন।

২২ জুন মনোনয়নপত্র বাছাইয়ের পর ২৯ জুন পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। ৩০ জুন প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের পর ১৮ জুলাই ভোট দিয়ে এ দুই সংসদীয় আসনের জন্য নতুন জনপ্রতিনিধি বেছে নেবেন ভোটাররা।

ময়মনিসংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সাংসদ প্রমোদ মানকিন মারা যান গত ১১ মে। গারো সম্প্রদায়ের ৭৭ বছর বয়সী এই প্রতিনিধি ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

তার আসনে ভোটার রয়েছেন ৩ লাখ ২৮ হাজার ৫১০ জন; ভোটকেন্দ্র ১৩৩ টি।

ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সাংসদ ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মজিবুর রহমান ফকির গত ২ মে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।৭১ বছর বয়সী ফকির গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

তার আসনে ভোটার রয়েছেন ২ লাখ ৪ হাজার ৫৩০ জন; ভোটকেন্দ্র ৮৭টি।

পুরনো খবর:

মানকিন, ফকিরের আসনে উপ নির্বাচন ১৮ জুলাই