তিন থানার কমিটি ‘একাই দিলেন’ দীপ্তি
ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগের তিন থানা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ করেছেন স্থানীয় ও সাবেক নেত্রীরা।
মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর থানার ওই কমিটি গঠনকে কেন্দ্র করে গত কয়েক মাস সভাপতি ও সাধারণ সম্পাদকের সমর্থকদের মধ্যে কয়েক দফা হাতাহাতিও হয়।
এসব ঘটনার পর মে মাসের মাঝামাঝি সময়ে উত্তর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিদা তারেখ দীপ্তি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তিন থানার কমিটি ঘোষণা করা হয়। সে সময় দেশের বাইরে ছিলেন সভাপতি তাসলিমা খানম।
ওই তিন কমিটিতে সভাপতি তাসলিমা সই করে দেশের বাইরে যান বলে দাবি করলেও তার পক্ষে কোনো প্রমাণ দিতে পারেননি সাধারণ সম্পাদক দীপ্তি।
মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পিনু খান জানিয়েছেন, দুইজনের সম্মতি না থাকলে কোনো কমিটি অনুমোদন পাবে না।
অভিযোগের বিষয়ে উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি আজিজা খানম কেয়া বলেন, “সভাপতি তিন মাসের জন্য দেশের বাইরে গেছেন। ওই এলাকার মেয়েরা আমার কাছে এসেছিল। তারা বলেছে, সাধারণ সম্পাদক দীপ্তি নতুন কমিটি দিয়েছে।
“কিন্তু তাসলিমা আপার কাছে ফোনে করলে তিনি মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর থানার নতুন কমিটিতে সই না করার কথা বলেছেন।”
তিন থানা কমিটি গঠন নিয়ে কয়েকবার ‘ঝামেলা’ হয় জানিয়ে তিনি বলেন, “এ নিয়ে সংগঠনের মেয়েদের মধ্যে কয়েকবার হাতাহাতি হয়েছে। এ কারণে আপা কোনো সই না করেই বিদেশ চলে গেছেন। দুইজনের স্বাক্ষর ছাড়া কমিটির কোনো বৈধতা নেই।
“নতুন কমিটিতে স্থান পাওয়া ও বাদপড়া উভয়পক্ষই দলের রাজনীতি করে। তাই কাউকে দূরে ঠেলতে নয়, সবাইকে রেখে সমঝোতার চেষ্টা চলছে। কেন্দ্রীয় নেতারাও তাই চাইছেন।”
আগে এই তিন থানা নিয়ে একটি থানা কমিটি ছিল। সেই কমিটির সাধারণ সম্পাদক জেসমিন আক্তার বলেন, “তাসলিমা আপাকে না বলে আমাদের নতুন কমিটি গঠন করার খবর পেয়েছি। কোনো নিয়ম না মেনেই এই কমিটি দেওয়া হয়েছে। কমিটি গঠনের জন্য ন্যূনতম একটা সভা হওয়া দরকার ছিল। কিন্তু কোনো কিছুই করা হয়নি।
“আমরা নতুন কমিটি প্রত্যাখ্যান করেছি। দলের জন্য আমরা কাজ করব, আর দীপ্তি একা ঘরে বসে কমিটি দেবে এটা তো হয় না। … এই অবৈধ কমিটি গঠন করার পরপরই আমরা কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদকের কাছে লিখিত অভিযোগ করেছি।”
অভিযোগের বিষয়ে সাবেক সংসদ সদস্য শাহিদা তারেখ দীপ্তি বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সবার সঙ্গে আলোচনা করেই কমিটি দেওয়া হয়েছে। সভাপতির সম্মতিতেই কমিটি গঠন করা হয়েছে। সভাপতি কমিটিতে সই করে বিদেশ গেছেন।”
সভাপতির সম্মতি থাকলে তিনি দেশে থাকতে কেন কমিটি দেওয়া হয়নি- এ প্রশ্নে দীপ্তি বলেন, “উপর থেকে থানায় নতুন কমিটি গঠনের চাপ ছিল। তাছাড়া আপা তো স্বাক্ষর করেছেন, তাহলে সমস্যা কোথায়?”
অবশ্য সভাপতির সই করা কমিটির কোনো অনুলিপি তিনি দেখাতে পারেননি।
এ বিষয়ে মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পিনু খান বলেন, “বিষয়টি শুনেছি। আমার কাছে মেয়েরা অভিযোগ করেছে। উত্তরের সভাপতি দেশের বাইরে আছেন। আমি তার সঙ্গে কথা বলে এ বিষয়ে সমাধানের চেষ্টা করব।”
সভাপতির সম্মতি ছাড়া এককভাবে সাধারণ সম্পাদক কমিটি দিতে পারেন কি না জানতে চাইলে পিনু খান বলেন, “এভাবে কমিটি দেওয়ার কোনো নিয়ম নেই। এটা গঠনতন্ত্রের লঙ্ঘন। দুইজনের সম্মতি থাকলেই কেবল কমিটি অনুমোদিত হবে।”
