২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় বিএনপি নেতাদের বৈঠক

ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের বাসভবনে দেশটির পররাষ্ট্র দপ্তরের মধ্য ও দক্ষিণ এশিয়া-বিষয়ক মুখ্য উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম টডের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির কয়েকজন জ্যেষ্ঠ নেতা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2016, 01:39 PM

Updated : 20 Aug 2022, 12:44 PM

স্থায়ী কমিটির সদস্য মঈন খানসহ বিএনপির ছয় সদস্যের একটি প্রতিনিধি দল সোমবার সকাল পৌনে ৮টা থেকে ৯টা ৫৫ মিনিট পর্যন্ত ওই বৈঠকে অংশ নেন।

বাংলাদেশের সরকার উৎখাতে ইসরায়েলের সঙ্গে ‘ষড়যন্ত্রে’ জড়িত থাকার অভিযোগে বিএনপি নেতা আসলাম চৌধুরী গ্রেপ্তার হওয়ার পরদিন মার্কিন কর্মকর্তাদের সঙ্গে এই বৈঠকে কী আলোচনা হয়েছে, সে বিষয়ে মুখ খোলেননি দলটির নেতারা।

বৈঠকে অংশ নেওয়া একজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শুধু বলেন, “রাষ্ট্রদূতের পক্ষ থেকে ব্রেকফাস্ট মিটিংয়ের আমন্ত্রণ জানানো হয়েছিল। আমরা তাতে অংশ নিয়েছি।”

মঈন খান ছাড়াও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী, রিয়াজ রহমান, ইনাম আহমেদ চৌধুরী ও সাবিহ উদ্দিন আহমেদ এ বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকে উপস্থিত ছিলেন না- এমন একজন নেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ‘সন্ত্রাসবাদ প্রতিরোধ ও দেশের রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়’ নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে তিনি শুনেছেন।

তবে বৈঠকে আসলাম চৌধুরীর প্রসঙ্গে কী কথা হয়েছে, সে বিষয়ে মুখ খোলেননি বিএনপি নেতাদের কেউ। 

মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটও এ বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠক শেষে বিএনপির ছয় নেতা গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে চলে যান। এ সময় তারা সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি।

গত শনিবার বাংলাদেশে আসার পর থেকে সরকারের সচিব এবং ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করছেন উইলিয়াম টড।

তিনি আসার মাত্র এক সপ্তাহ আগে ঢাকা ঘুরে যান যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্র মন্ত্রী নিশা দেশাই বিসওয়াল।