ইনুকে মশাল বরাদ্দের সিদ্ধান্ত ২৫ মে পর্যন্ত স্থগিতের দাবি
জাসদের হাসানুল হক ইনু-শিরীন আক্তারের নেতৃত্বাধীন অংশকে ‘মশাল’ প্রতীক বরাদ্দের সিদ্ধান্ত স্থগিত করে পর্যালোচনার দাবি জানিয়েছে সম্প্রতি বিভক্ত হওয়া দলটির অপর অংশ।
জাসদের (আম্বিয়া-প্রধান) দপ্তর সম্পাদক ইউনুসুর রহমানের নামে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এতথ্য জানানো হয়।
এতে বলা হয়, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সংগঠনকে ‘মশাল’ ব্যবহারের অনুমতির সিদ্ধান্ত ২৫ মে-র মধ্যে পর্যালোচনার আবেদন জানানো হয়েছে।
পরে নাজমুল হক প্রধান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রতীক বরাদ্দের দাবির পক্ষে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ উপস্থাপনের সুযোগ না দিয়ে নির্বাচন কমিশন হাসানুল হক ইনুকে মশাল বরাদ্দ দিয়েছে।তাই তারা তথ্য-প্রমাণ উপস্থানের পর তা পর্যালোচনা করে ২৫ মে-র পর সিদ্ধান্ত নেওয়ার দাবি তুলেছেন।
জাতীয় কাউন্সিলে সংসদ সদস্য শিরীন আক্তারকে সাধারণ সম্পাদক করার বিরোধিতা করে চলতি বছর ৩ এপ্রিল জাসদ থেকে বেরিয়ে পাল্টা কমিটি গঠন করেন দলের জ্যেষ্ঠ্য তিন নেতা মাইনুদ্দিন খান বাদল, শরীফ নুরুল আম্বিয়া ও নাজমুল হক প্রধান ও তাদের অনুসারীরা।
এরপর ৬ এপ্রিল জাসদের দুই অংশই নির্বাচন কমিশনের শুনানিতে নিজেদের মূল স্রোতধারা হিসেবে দাবি করে মশাল প্রতীক দাবি করে।
দুই পক্ষের এই পাল্টাপাল্টি অবস্থানের মধ্যে ১৩ এপ্রিল হাসানুল হক ইনু ও শিরীন আক্তারের নেতৃত্বাধীন জাসদকে মূলধারা হিসেবে স্বীকৃতি দিয়ে তাদের মশাল প্রতীক বরাদ্দ দেয় নির্বাচন কমিশন।
