২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকীতে বিএনপির পক্ষকালের কর্মসূচি

দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পক্ষকালব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2016, 03:34 PM

Updated : 20 Aug 2022, 12:43 PM

আগামী ২০ মে থেকে ৩ জুন পর্য্ন্ত এসব কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, দুঃস্থদের মধ্যে খাবার বিতরণ, মিলাদ ও বিনামূল্যে চিকিসা সেবা।

রোববার নয়া পল্টনে দলীয় কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে বিএনপির যৌথ সভায় এসব কর্মসূচি চূড়ান্ত করা হয়।

পরে সংবাদ সম্মেলনে কর্মসূচির বিষয়ে বিস্তারিত জানান দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

৩০ মে জিয়ার জিয়ার মৃত্যুর দিনটি শুরু হবে সকাল ১০টয় শেরে বাংলা নগরে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে। সেখানে মিলাদ এবং রক্তদান কর্মসূচিও রাখা হয়েছে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলের জ্যেষ্ঠ নেতারা এসব কর্মসূচিতে অংশ নেবেন।

ওইদিন নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে ৩০ মে থেকে ১ জুন- তিনদিন রাজধানীর বিভিন্ন থানা এলাকায় দুঃস্থদের মধ্যে খাবার বিতরণ করা হবে। এ কর্মসূচিতেও খালেদা জিয়ার অংশ নেওয়ার কথা রয়েছে।

রিজভী জানান, শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে পোস্টার প্রকাশ, কালো ব্যাজ ধারণ, জাতীয় দৈনিকে ক্রোড়পত্র প্রকাশ করা হবে।

বিএনপির আলোচনা সভা হবে ৩১ মে বিকালে রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে।

দিবসটি উপলক্ষে যুবদল ২৪ মে, মহিলাদল ২৬ মে, স্বেচ্ছাসেবক দল ২৭ মে, মুক্তিযোদ্ধা দল ২৮ মে, শ্রমিক দল ২ জুন আলোচনা সভা করবে। এছাড়া অন্যান্য অঙ্গসংগঠনও আলোচনা সভা করবে।

জেলা ও থানা ইউনিটগুলোকেও যথাযোগ্য মর্যাদায় সঙ্গে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান রিজভী।

সংবাদ সম্মেলনে ফখরুল বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন ক্ষণজন্মা নেতা ছিলেন। দেশ ও জাতির সবচেয়ে কঠিন সময়গুলোতে তিনি আবির্ভূত হয়েছিলেন এবং জাতিকে সঠিকভাবে দিকনিদের্শনা দিয়ে অনুপ্রাণিত করেছেন।

“এই মানুষটিকে আমরা বেশিদিন ধরে রাখতে পারিনি। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রুরা, যারা এদেশেকে সত্যিকার অর্থে একটি সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে দেখতে চায় না, তারা তাকে নির্মমভাবে হত্যা করেছে চট্টগ্রামে। তাকে স্মরণ করা, তার আর্দশ ও দর্শনকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার মধ্যেই আমরা মনে করি, বাংলাদেশের সার্বিক মুক্তি সম্ভব।”

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে সার্কিট হাউজে একদল সেনাসদস্যের হাতে রাষ্ট্রপতি নিহত হন জিয়া। দিনটিকে বিএনপি শাহাদাৎ বার্ষিকী হিসেবে পালন করে আসছে।

যৌথ সভায় যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবীর খোকন, শাহাদাত হোসেন, বিলকিস শিরিন, কেন্দ্রীয় নেতা আবুদস সালাম, শিরিন সুলতানা, সাখাওয়াত হোসেন জীবন, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শামা ওবায়েদ প্রমুখ উপস্থিত ছিলেন।