২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজামীকে নিয়ে খালেদার নীরবতায় ‘অস্থির’ হানিফ

শরিক দলের নেতা মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকরে জোটপ্রধান খালেদা জিয়ার প্রতিক্রিয়ার জন্য ‘ব্যাকুল’ হয়ে থাকার কথা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মাহবুব-উল-আলম হানিফ।  

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2016, 11:32 PM

Updated : 20 Aug 2022, 12:41 PM

বৃহস্পতিবার এক অনুষ্ঠানে জামায়াত নেতা নিজামীকে মন্ত্রী বানানোয় খালেদার সমালোচনা করে তিনি বলেন, “শীর্ষ যুদ্ধাপরাধীদের ফাঁসি হওয়ার পর প্রত্যেকবার বিএনপিনেত্রী চুপ ছিলেন। এবারও তিনি চুপ আছেন। কিন্তু আমি ব্যাকুল হয়ে অপেক্ষা করছি, নিজামীর ফাঁসি নিয়ে তার প্রতিক্রিয়া জানার জন্য।

“কারণ এবারতো তার ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্রের ফাঁসি হয়েছে, যে শীর্ষ রাজাকারকে তিনি মন্ত্রী বানিয়েছিলেন, ত্রিশ লক্ষ শহীদের সঙ্গে বেঈমানি করে গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়েছিলেন।”

কামরাঙ্গীরচরে আওয়ামী লীগ আয়োজিত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদককে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে নিজামীর ফাঁসি কার্যকরে পাকিস্তানের নিন্দার সমালোচনাও করেন হানিফ।

আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, “আপনারা গণমাধ্যমে দেখেছেন, জামায়াতের আমির মতিউর নিজামীর ফাঁসি হওয়ার প্রতিবাদ ও নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান। কারণ মুক্তিযদ্ধের সময় তাদের অপকর্মের সহযোগী ছিল নিজামীদের মতো নরপিশাচ দোসররা।

“এই দেশটি সবসময়ই বাইরের বিষয়ে নাক গলিয়েছে। আর সবসময়ই নির্লজ্জ মিথ্যাচারে লিপ্ত। কারণ এই ব্যর্থ রাষ্ট্রের জন্মই মিথ্যাচার দিয়ে। তাদের এই ধৃষ্টতার তীব্র ধিক্কার জানাই। ফের যদি তারা এই ধরনের দুঃসাহস দেখায় তবে দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আমরা রাখব কিনা- তা বাংলার জনগণ ভেবে দেখবে।”

এসময় পাকিস্তানকে তাদের ‘প্রিয় ব্যক্তিদের’ বাংলাদেশ থেকে নিয়ে নাগরিকত্ব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমরা এই দেশে কোনো যুদ্ধাপরাধী ও পাকিস্তারের প্রেতাত্মা দেখতে চাই না।”

জামায়াতে ইসলামী যে ধর্মের নামে রাজনীতি করে সেই ধর্ম তা সমর্থন করে না মন্তব্য করে হানিফ বলেন, “দলটির শীর্ষ নেতা যারা স্বাধীনতাবিরোধী ও মুক্তিযুদ্ধের সময় বিভিন্ন অপকর্মের সঙ্গে যুক্ত ছিল তাদের বিচার হচ্ছে। সময় এসেছে জামায়াতের রাজনীতি চিরতরে নিষিদ্ধ করার।”

অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, এই (ঢাকা-২) এলাকায় কিছুই ছিল না। এখন এই এলাকায় সিটি করপোরেশনের তিনটি ওয়ার্ড, বিভিন্ন আর্থ-সামাজিক উন্নয়ন হয়েছে। এই যে উন্নয়নের ছোঁয়া ও আধুনিকতা তা বর্তমান সরকারের সফলতা ও অর্জন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশেও এরকম উন্নয়ন হচ্ছে।

বাংলাদেশকে জঙ্গিরাষ্ট্র বানাতে দেশি-বিদেশি চক্রান্ত চলছে অভিযোগ করে তিনি বলেন, “আগুন সন্ত্রাস করে মানুষ হত্যা করা হচ্ছে। কিন্তু ষড়যন্ত্রকারীদের কোনো প্রচেষ্টাই সফল হবে না।”

কামরাঙ্গীরচর আওয়ামী লীগের সহ-সভাপতি নুরে আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মথ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আবদুর রাজ্জাক, মহানগর দক্ষিণের সভাপতি আবুল হাসানত, সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খান ও কামরাঙ্গীরচর শাখার সভাপতি হাজী মোহাম্মদ আবু হোসেন সরকার।