গভীর রাতে বৈঠক রহস্যজনক: হাছান
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাতের বেলায় বৈঠকের প্রসঙ্গ তুলে আওয়ামী লীগ নেতা হাছান মাহমুদ বলেছেন, গভীর রাতে তাদের এই বৈঠক ‘রহস্যজনক’।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী প্রয়াত ওয়াজেদ মিয়ার সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, “বিএনপি দিনের বেলায় কোনো বৈঠক করে না। তারা সব সময় গভীর রাতে বৈঠক করে- এটি একটি রহস্যের বিষয়। প্রকৃতপক্ষে বিএনপির সমস্ত কার্যক্রম সন্দেহজনক।”
বিএনপি প্রধান খালেদা জিয়ার সমালোচনা করে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান বলেন, “যে দলের প্রধান নেত্রী দুর্নীতিবাজ সেই দলের নেতাকর্মীদের কাছে থেকে ভালো কিছু আশা করা যায় না।”
বিএনপির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, “পাকিস্তানের আদালতে প্রমাণ হয়েছে ১৯৯১ সালের নির্বাচনে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই বিএনপিকে পাঁচ কোটি টাকা দিয়েছে। যে দল বাংলাদেশের কাছে পরাজিত হওয়া শত্রুর কাছ থেকে টাকা নিয়ে রাজনীতি করে, তাদের চর হিসেবে কাজ করে, তাদের এদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই।”
যুদ্ধাপরাধীর মৃত্যুদণ্ডের রায় কার্যকরের পর পাকিস্তান যেভাবে কথা বলে ‘ঠিক তেমনিভাবে’ বিএনপিও কথা বলে দাবি করেন তিনি।
মতিউর রহমান নিজামীর রিভিউ আবেদন খারিজ হওয়ার প্রসঙ্গ তুলে হাছান মাহমুদ বলেন, “যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় অবশ্যই কার্যকর করা হবে।”
সংগঠনের সভাপতি মো. শাহাদাত হোসেন টয়েলের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, আওয়ামী লীগের উপকমিটির সহ-সম্পাদক বলরাম পোদ্দার, এম এ করিম, স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারাণ সম্পাদক শাহজাহান আলম সাজু বক্তব্য রাখেন।
