২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাশকতার মামলায় ফখরুলের জামিন

পল্টন থানার নাশকতার এক মামলায় ঢাকার হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2016, 12:51 PM

Updated : 20 Aug 2022, 12:40 PM

ঢাকার মহানগর হাকিম মারুফ হোসেন সোমবার শুনানি করে ফখরুলের জামিন মঞ্জুর করেন।

নির্বাচনের বর্ষপূর্তি ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যে ২০১৪ সালের ২৮ ডিসেম্বর পল্টন এলাকায় হাতবোমা বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনায় পুলিশ এই মামলা করে।

পল্টন থানার এসআই তবিবুর রহমান গত ৩ মে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে একটি এবং বিস্ফোরক আইনে  আরেকটি অভিযোগপত্র দেন, যাতে ফখরুলসহ ৪৩ জনকে আসামি করা হয়।

হাই কোর্ট এর আগে ফখরুলকে এ মামলায় অন্তর্বর্তীকালীন জামিন দিলেও অভিযোগপত্র হওয়ায় তার কার্যকারিতা ফুরিয়ে যায়।

এ কারণে বিএনপি মহাসচিব সোমবার সকালে হাকিম আদালতে হাজির হয়ে নতুন করে জামিনের আবেদন করেন। আদালতে তার পক্ষে শুনানি করেন সানাউল্লাহ মিয়া।

আগামী ২৯ মে এ মামলার অভিযোগপত্র গ্রহণের দিন রেখেছে আদালত।